পূর্ণ অধ্যায়ের মর্যাদা পেল পিএমআই বাংলাদেশ সোসাইটি
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৩, ১৯:৫২
পিএমআই হলো প্রকল্প ব্যবস্থাপনা (প্রজেক্ট ম্যানেজমেন্ট) বিষয়ে সমৃদ্ধ জ্ঞানে পৃথিবীর সর্বোচ্চ নীতিনির্ধারণী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপনা চর্চার মানদণ্ডের প্রাথমিক পদক্ষেপও। পৃথিবীর ১৫০টিরও বেশি দেশে এর শাখা রয়েছে। সম্প্রতি পিএমআই বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (PMI)-এর পূর্ণ অধ্যায়ের মর্যাদা পেয়েছে, যার নেতৃত্বে রয়েছেন দৃক আইসিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আলতাফ হোসেন। পিএমআই বাংলাদেশ অধ্যায় সদস্য এবং পিএমপি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রেখেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি অফিস, বিশ্ববিদ্যালয়সহ এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রকল্প ব্যবস্থাপনার ধারণা ও এর সুবিধা গ্রহণ করে আসছেন। ইতোমধ্যে পিএমআই স্বীকৃত প্রকল্প ব্যবস্থাপনা পেশাজীবীগণ (পিএমপি-প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল) বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রকল্প ব্যবস্থাপনা উপর প্রশিক্ষণ সেবা দিয়ে টেকসই প্রকল্প উন্নয়নে ভূমিকা রাখছেন। সম্প্রতি রাজধানী ঢাকার একটি হোটেলে পিএমআই বাংলাদেশ সোসাইটি’র আয়োজনে এবং এর প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আলতাফ হোসেনের সভাপতিত্বে বাংলাদেশ অধ্যায়ের একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় তিনি বলেন, ‘পিএমআই বাংলাদেশ অধ্যায়ের কার্যক্রম হবে সামাজিক সেবাধর্মী এবং প্রকল্প ব্যবস্থাপনার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে এই সংগঠন। বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রকল্প উন্নয়ন সহযোগী হিসেবেও পিএমআই বাংলাদেশ ভূমিকা রাখবে।’ এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহিরুল ইসলাম, বিএম শাহরীয়ার মজুমদার, আরিফুর রহমান প্রমুখ। তারা প্রকল্প ব্যবস্থাপনা চর্চার কার্যক্রম ও এর উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পিএমআই বাংলাদেশ অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করতে পারেন ০১৮১৯২৯৪৫১৮ নম্বরে অথবা ইমেইল করতে পারেন info@pmi.org.bd ঠিকানায়। আরও জানতে ওয়েবসাইট :http://pmi.org.bd।