ইয়াহু’র চেয়ারম্যান হলেন মেনার্ড ওয়েব

ইয়াহু’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রযুক্তি বিশ্বের পরিচিত মুখ এবং বিনিয়োগকারী মেনার্ড ওয়েবকে। ফ্রেড আমোরোসোকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। অবশ্য ২০১২ থেকেই তিনি ইয়াহু’র পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। গত এপ্রিল থেকে তিনি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও কাজ করে আসছেন। ইয়াহু’র একজন মুখপাত্র এ সম্পর্কিত একটি বার্তায় জানিয়েছেন, ‘মেনার্ড ওয়েবের নেতৃত্ব এবং নির্দেশনার কারণেই তিনি ইয়াহু’র পরিচালনা পর্ষদে যোগদানের পর থেকেই আমাদের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছেন। তাকে এই পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে কর্মরত দেখতে পারাটা আমাদের জন্য গর্বের।’ উল্লেখ্য, ইবে’র একজন সহ-প্রতিষ্ঠাতা মেনার্ড। ১৯৯৯ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি ইবে’র সিইও হিসেবে কর্মরত ছিলেন। এরপর ২০১১ সাল পর্যন্ত তিনি লাইভঅপস নামের একটি প্রতিষ্ঠানেও সিইও হিসেবে কর্মরত ছিলেন।