কৌশলে মাদক ব্যবসায়ী ধরতে গিয়ে প্রতারণার শিকার ডিবি পুলিশ

বন্দরে কৌশলে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে উল্টো প্রতারণার শিকার হয়ে ২০ হাজার ৪শ টাকা খুইয়েছেন নারায়ণগঞ্জ ডিবি পুলিশের সদস্যরা। যদিও পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে গতকাল মঙ্গলবার সকালে ওই টাকা উদ্ধার করে ডিবি পুলিশ। গত সোমবার সন্ধ্যায় লাঙ্গলবন্দ চিড়ইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাঙ্গলবন্দ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নারায়ণগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, বন্দর উপজেলা ধামগড় ইউপি লাঙ্গলবন্দ চিড়ইপাড়া এলাকায় ফেনসিডিল কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় সঙ্গীয় ফোর্স নিয়ে লাঙ্গলবন্দ এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশ। এ সময় এক বোতল ফেনসিডিল ১ হাজার ৭শ টাকা ধরে কথা হয় আমির হোসেন নামের এক ব্যক্তির সঙ্গে। পরে ১২ বোতল ফেনসিডিলের অর্ডার করে আমির হোসেনের কাছে ২০ হাজার ৪ শ টাকা দিয়ে সোর্স ও দুই পুলিশ সদস্যকে পাঠানো হয়। পরে সোর্স বাবু ও আমির ওই টাকা বুঝে নিয়ে ফেনসিডিল আনতে চলে যায়। এরপর চিড়ইপাড়া এলাকার আলী হোসেনের ছেলে সাহাবুদ্দিনকে একটি ব্যাগ দিয়ে পাঠায় আমির হোসেন। অপেক্ষমাণ ডিবি পুলিশের দুই সদস্যের হাতে ব্যাগটি তুলে দিতে না দিতেই সাহাবুদ্দিনকে আটক করা হয়। এ সময় ব্যাগ খুলে দেখা যায় ব্যাগের ভেতর টুকরা কাপড় ছাড়া কিছুই নাই। এরই মধ্যে গা ঢাকা দেয় আমির হোসেন ও সোর্স বাবু। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সাহাবুদ্দিনকে ছাড়িয়ে নিতে তদবির করে। পরে ২০ হাজার ৪ শত টাকা ফেরত দেওয়ার পর গতকাল মঙ্গলবার সাহাবুদ্দিনকে ছেড়ে দেওয়া হয়।