প্রযুক্তি ব্যক্তিত্ব
গ্রেডি বুচ
প্রকাশ : ২০ আগস্ট ২০১৩, ২১:৪০
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মডেলিং ল্যাংগুয়েজ হচ্ছে ইউনিফায়েড মডেলিং ল্যাংগুয়েজ (ইউএমএল)। এতে রয়েছে বেশকিছু গ্রাফিক নোটেশন টেকনিক যা ব্যবহার করে সহজেই ভিজ্যুয়াল মডেল তৈরি করা যায়। এই ইউনিফায়েড মডেলিং ল্যাংগুয়েজের অন্যতম একজন উদ্ভাবক হিসেবে বিখ্যাত হয়ে রয়েছেন গ্রেডি বুচ। ইভার জ্যাকবসন এবং জেমস রামবাফের সাথে যৌথভাবে এটি তৈরি করেন তিনি। আমেরিকান এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার জন্মগ্রহণ করেন ১৯৫৫ সালের ২৭ ফেব্রুয়ারি। ১৯৭৭ সালে তিনি ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স একাডেমী থেকে স্নাতক ডিগ্রি এবং ১৯৭৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮১ সালে র্যাশনাল সফটওয়্যার করপোরেশনের যাত্রার শুরু থেকেই বুচ সেখানকার প্রধান বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেন। ২০০৩ সালে এই কোম্পানিকে আইবিএম কিনে নিলে সেখানেও কর্মরত থাকেন তিনি ২০০৮ সাল পর্যন্ত। এরপর তিনি আইবিএম-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং গবেষণা বিভাগেরও প্রধান হিসেবে কাজ করেন। ২০০৩ সালে তাকে আইবিএম ফেলো এবং ২০১০ সালে আইট্রিপলই ফেলো হিসেবে সম্মানিত করা হয়। আশির দশকে তিনি সফটওয়্যার প্রোগ্রামিং নিয়ে গবেষণা এবং লেখালেখি করেন। নব্বইয়ের দশকে ইভার জ্যাকবসন এবং জেমস রামবাফের সাথে যৌথভাবে ইউএমএল উদ্ভাবন করেন তিনি। এ ছাড়াও আইবিএম-এর অনেক গবেষণার সাথেই জড়িয়ে রয়েছে তার নাম।