একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার বিকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নিকট এ মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা এসএম নজরুল ইসলাম, অ্যাড. আশরাফী মেহেদী হাসান, আব্দুল গনি ভুঁইয়া, পরিমল চন্দ্র ঘোষ, শরীফুল ইসলাম তোরণ, মোয়াজ্জেম হোসেন পলাশ, এবিএম তারিকুল ইসলাম, শফিউল কাদের নান্নু, আবুবকর চৌধুরী, মাজেদুল ইসলাম সেলিম, যুবলীগ নেতা কাজী হারুন-অর-রশিদ টিপু, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম সিজু, মনিরুল আলম, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, সাদেকুর রহমান ভুঁইয়া, আলী-আল-রাফু অমিত, ওয়াহিদ হাসান, এমআই লিকন প্রমুখ।
উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর জানান, এর আগে দুপুরে জাকের পার্টি থেকে দলটির ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মাহমুদ সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইকবাল হোসেন সবুজের
মনোনয়নপত্র দাখিল
গাজীপুর প্রতিনিধি জানান, উত্সাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ গাজীপুর-৩ আসনের দলীয় মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার বেলা বারটার দিকে তিনি দলের সিনিয়র কয়েকজন নেতৃবৃন্দকে নিয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন ও অ্যাড. আমজাদ হোসেন বাবুল, আওয়ামী লীগ নেতা হারিছ উদ্দিন আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
দলীয় কর্মী সমাবেশে ইকবাল হোসেন সবুজ তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকার মানুষের ইচ্ছার প্রতিফলন স্বরূপ আমাকে নৌকা প্রতীক উপহার দিয়েছেন। ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে এলাকার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দিবে।’ এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌর সভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল, মাস্তাফিজুর রহমান বুলবুল, অ্যাড. আবু বকর ছিদ্দিক, আবু আকতার খান বুলু, মিজানুর রহমান মাস্টার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানা আক্তারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।