বিশ্বব্যাপী ইন্টারনেট ছড়িয়ে দিতে ফেসবুকের উদ্যোগ

সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী ২৭০ কোটি মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে থাকে। উন্নত বিশ্বের অনেক দেশেই প্রায় শতভাগ মানুষ ইন্টারনেটের সাথে সংযুক্ত। তবে উন্নয়নশীল কিংবা স্বল্পোন্নত দেশের বেলায় এর পরিমাণ শতকরা দশ ভাগের নিচেও রয়েছে। এসব দেশের অনেকগুলোতেই নেই ইন্টারনেটকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয় অবকাঠামো, অনেক দেশেই ইন্টারনেটের খরচ সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে। ফলে সাধারণ মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাওয়া এসব দেশের জন্য অনেক বেশি সময়সাপেক্ষ। ফলে বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষের কাছেই এখনও ইন্টারনেট পৌঁছাতে পারেনি। ফলে ইন্টারনেটের বিশাল জগত থেকে দূরে রয়েছে বিশ্বের বড় একটি জনগোষ্ঠী। ডিজিটাল ডিভাইডেশনও তৈরি হচ্ছে এতে করে। এরকম পরিস্থিতিতেই সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক উদ্যোগ নিয়েছে ইন্টারনেটের সাথে সংযুক্ত নয় এমন মানুষদের কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়ার। আরও ছয় প্রযুক্তি প্রতিষ্ঠানকে সাথে নিয়ে এই উদ্যোগ গ্রহণ করেছে ফেসবুক। এই প্রতিষ্ঠানগুলো হলো স্যামসাং, নকিয়া, এরিকসন, মিডিয়াটেক, অপেরা এবং কোয়ালকম। এই সাত প্রযুক্তি প্রতিষ্ঠান মিলে যে প্রকল্পটি হাতে নিয়েছে, তা হলো http://internet.org। এই প্রকল্ট সম্পর্কে এক বক্তব্যে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ‘উন্নয়নশীল এবং অনুন্নত দেশগুলোর মানুষকে সংযুক্ত করতে নানা ধরনের বাধা রয়েছে। ইন্টারনেট ডটঅর্গ প্রকল্পের মাধ্যমে আমরা এমন একটি বৈশ্বিক অংশীদারিত্ব তৈরি করতে চাই, যার মাধ্যমে এসব বাধাকে দূর করা যাবে এবং ইন্টারনেট ব্যবহারে অসমর্থদের কাছেই ইন্টারনেট পৌঁছে দেওয়া যাবে।’ এই সাতটি প্রতিষ্ঠান বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি সংস্থা, প্রাতিষ্ঠানিক ব্যক্তি এবং বিশেষজ্ঞদের নিয়ে কাজ করবে। সকলের কাছে ইন্টারনেটকে সহজলভ্য করা, ইন্টারনেটের সাথে সকলের সংযুক্তি নিশ্চিত করা এবং এই সংক্রান্ত কাজের জন্য বিশ্বব্যাপী কার্যকরী ব্যবসায়িক মডেল দাঁড় করানোর মূল তিনটি লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে ইন্টারনেট ডটঅর্গ। বর্তমানে প্রকল্পের ওয়েবসাইটটিতে রয়েছে প্রকল্পের একটি সারসংক্ষেপ বক্তব্য। ভবিষ্যতে এই সাইটেই প্রকল্পের যাবতীয় অগ্রগতি সম্পর্কে জানানো হবে সবাইকে।