অবসরে যাচ্ছেন মাইক্রোসফটের সিইও
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৩, ১৯:২৮
এক যুগেরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটকে নেতৃত্ব দিয়ে যাওয়া স্টিভ বলমার অবসর নিতে যাচ্ছেন। ২০০০ সালে সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত সফলভাবেই এই শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। তবে অবশেষে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেই অনুযায়ীই আগামী এক বছরের মধ্যেই তিনি সরে দাঁড়াবেন মাইক্রোসফটের সিইও পদ থেকে। সময়ের সাথে সাথে প্রযুক্তি বিশ্ব ক্রমেই মোবাইল ডিভাইসের দিকে ঝুঁকে পড়লেও সেই প্রবণতার সাথে তালমিলিয়ে মাইক্রোসফট যথেষ্ট পরিমাণ এগিয়ে যেতে পারেনি। এর মধ্যে সারফেস ট্যাবলেট পিসি এবং উইন্ডোজ ফোন অপারেটিং সিস্টেম নিয়ে মাইক্রোসফট হাজির হলেও তা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর কাছে তেমন একটা পাত্তা পায়নি। এদিকে উইন্ডোজ ৮ দিয়ে মাইক্রোসফট বড় ধরনের সাড়া ফেলতে চাইলেও বিশ্বব্যাপী পিসি বিক্রি কমে যাওয়ায় সেই উদ্দেশ্যও সফল হয়নি তাদের। ফলে সার্বিকভাবে মাইক্রোসফট খানিকটা অচলাবস্থার মধ্যেই পড়ে গেছে। আর এরই প্রেক্ষিতে নতুন নেতৃত্বের হাতে মাইক্রোসফটকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন স্টিভ বলমার। মাসখানেক আগেই এ সংক্রান্ত বিষয়ে তিনি জানান, সময়ের সাথে তাল মেলাতেই এখন নতুন নেতৃত্ব প্রয়োজন মাইক্রোসফটের। আর সেক্ষেত্রে নিজে সরে দাঁড়াতে দ্বিধা করবেন না বলেই জানান তিনি। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্টিভ বলমারের অবসরের ঘোষণা জানিয়েছে মাইক্রোসফট। পরিচালনা পর্ষদ কর্তৃক নতুন সিইও নিয়োগের আগ পর্যন্তই কর্মরত থাকবেন তিনি। মাইক্রোসফটের অন্যতম সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সাথে হার্ভার্ডের শিক্ষাজীবন থেকেই পরিচয় বলমারের। ১৯৭৫ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৮০ সালে তাতে যোগ দেন স্টিভ বলমার। ১৯৯৮ সালে তাকে মাইক্রোসফটের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় এবং তখন থেকেই তিনি বিল গেটসের উত্তরসূরী হিসেবে গণ্য হয়ে আসছিলেন। এর আগ পর্যন্ত তিনি মাইক্রোসফটের সেলস ও মার্কেটিংয়ের প্রধান ছিলেন। ২০০০ সালে তিনি সিইও হিসেবে বিল গেটসের স্থলাভিষিক্ত হন।