জাপানি ভাষায় প্রকাশিত হলো গ্রাফিক নোবেল ‘মুজিব’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক গ্রাফিক নভেল ‘মুজিব’ জাপানি ভাষায় প্রকাশিত হয়েছে। সোমবার সন্ধ্যায় টোকিওর বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের স্ত্রী আকি অ্যাবে, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাশিকো অ্যাবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানা, তাঁর ছেলে ও বইটির প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক। এছাড়া জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যবসায়ী প্রতিনিধি ও জাপানে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আকি অ্যাবে জাপানি ভাষায় বইটি অনূদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে জাপানের শিশুরা বাংলাদেশের জাতির জনক সম্পর্কে জানতে পারবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নেরও প্রশংসা করেন তিনি।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেন, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনকে জাপানি শিশু-কিশোর ও জাপান প্রবাসী বাংলাদেশি সন্তানদের কাছে তুলে ধরার অভিপ্রায় নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ইংরেজির পর দ্বিতীয় বিদেশি ভাষা হিসেবে জাপানিতে গ্রাফিক নভেল ‘মুজিব’ অনূদিত হলো। বইটি জাপানি ভাষায় অনুবাদ ও প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।