নতুন কমিউনিটি রেডিও’র জন্য আবেদন আহ্বান

কমিউনিটি রেডিও’র অব্যাহত সাফল্যে বর্তমানের ১৪টি কমিউনিটি রেডিও’র পাশাপাশি আরও নতুন ২টি কমিউনিটি রেডিও সম্প্রচারের অনুমতি প্রদান করেছে সরকার। সম্প্রতি দ্বিতীয় পর্যায়ে কমিউনিটি রেডিও স্থাপন, সম্প্রচার ও পরিচালনার জন্য আবেদনপত্র আহ্বান করেছে সরকার। তথ্য মন্ত্রণালয়ের বেতার-২ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের নাগরিক/প্রতিষ্ঠান কমিউনিটি রেডিও স্থাপনের জন্য নির্ধারিত ফরম/প্রকল্প প্রস্তাব শিডিউলে আবেদন করতে পারবে। তথ্য মন্ত্রণালয়ের সচিবের অনুকূলে অফেরতযোগ্য ১০০ (একশত) টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিয়ে তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. আলী নওয়াজের কাছ থেকে নির্ধারিত ফরম/প্রকল্প প্রস্তাব সিডিউল সংগ্রহ করা যাবে। কমিউনিটি রেডিও’র জন্য আবেদন করতে হলে কোনো প্রতিষ্ঠান বা সংস্থা যে ধরনের অনুষ্ঠান প্রচার করতে ইচ্ছুক, তার একটি সংক্ষিপ্ত রূপরেখা তৈরি করে আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর চালু করা হেল্প ডেস্ক থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। এর জন্য ০১৭১৪০৪১০১৭ নম্বরে ফোন কিংবা zahid@bnnrc.net ঠিকানায় ইমেইল করতে হবে।