ফেসবুকের এক অ্যালবামে ধরবে ১০ হাজার ছবি
প্রকাশ : ২৭ আগস্ট ২০১৩, ১৯:৩৯
ফেসবুকের ব্যবহারকারীদের ফেসবুকে অন্যতম প্রধান একটি কাজ হচ্ছে নানা ধরনের ছবি আপলোড করা এবং সেগুলোকে সকলের সাথে শেয়ার করা। ছবি শেয়ার করার জন্য এখন ফেসবুকই সবচেয়ে বড় সাইট। তাই ফেসবুকে ছবি প্রদর্শনের জন্য নতুন নতুন ফিচার যুক্ত করেই যাচ্ছে ফেসবুক। এবারে ছবির অ্যালবামে নতুন ফিচার যোগ করেছে তারা। এর আগে একজন ব্যবহারকারী নিজেই একটি অ্যালবাম তৈরি করতে পারত এবং একটি অ্যালবামে সর্বোচ্চ ১ হাজার ছবি যুক্ত করা যেত। তবে নতুন ফিচার অনুযায়ী এখন কয়েকজন মিলে শেয়ার করে একটি অ্যালবাম তৈরি করা যাবে এবং এতে করে একটি অ্যালবামে সর্বোচ্চ ১০ হাজারটি ছবিও যুক্ত করা যাবে। ফেসবুক জানিয়েছে, অনেক অনুষ্ঠান বা ইভেন্টে প্রচুর পরিমাণে ছবি তোলা হয়। ফলে একটি অ্যালবামেই একাধিক ব্যক্তি ছবি যুক্ত করতে চাইতে পারেন। সে কারণেই এই সুযোগটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে এখন একজন একটি অ্যালবাম তৈরি করে তাতে ৫০ জন পর্যন্ত বন্ধুকে ছবি যুক্ত করতে এবং ট্যাগ করতে আহ্বান জানাতে পারবে। তাদের প্রত্যেকে এই অ্যালবামে ২০০টি করে ছবি যোগ করতে পারবে। এই অ্যালবামটি কেবল এই বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ রাখা যাবে আবার সকলের জন্য উন্মুক্তও করা যাবে। অবশ্য অ্যালবামে ছবি যুক্ত করতে যাদের অনুমতি থাকবে, তারা কেবল নিজেদের আপলোড করা ছবিই সম্পাদনা করতে পারবে, অন্যদের নয়। ফেসবুক মনে করছে, এর ফলে ছবি শেয়ারিং আরও সহজ হবে।