নতুন ফিচার নিয়ে সেলবাজার ডটকমের যাত্রা শুরু
প্রকাশ : ২৮ আগস্ট ২০১৩, ২০:৩৮
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন করে যাত্রা শুরু করেছে অনলাইনে কেনাকাটার অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট সেলবাজার ডটকম। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড পুনঃযাত্রার ঘোষণা দিয়ে সকলের সামনে এর নতুন নতুন ফিচার তুলে ধরেন সেলবাজার ডটকমের সিইও আরিল ক্লোকারহৌগ এবং চিফ টেকনিকাল অফিসার মির্জা আসিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিস প্রেসিডেন্ট ফাহিম মাশরুর। এখন সেলবাজার ডটকমের সকল ফিচার এবং সেবা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ব্যবহার করা যাবে। অনুষ্ঠানে ওয়েবসাইটটির নতুন ফেসবুক ইন্টিগ্রেশন ফিচারও তুলে ধরা হয়। এতে করে ফেসবুক আইডি’র মাধ্যমেই ব্যবহার করা যাবে এই সাইট এবং এখানকার পোস্ট শেয়ার করা যাবে ফেসবুকে। নতুন লোগো ছাড়াও আরও কিছু পরিবর্তন আনা হয়েছে এই সাইটে। সাইটটির হোমপেজেও আনা হয়েছে নতুন ডিজাইন, যা দীঘদিন ধরে ব্যবহারকারীদের পছন্দ সমীক্ষা করে তৈরি করা হয়েছে। এখন হোমপেজেই যুক্ত করা হয়েছে সবচেয়ে জনপ্রিয় ৬টি ক্যাটাগরিকে, যা নির্বাচন করা হয়েছে গ্রাহকদের সর্বোচ্চ ব্যবহারের ভিত্তিতে।