থ্রিডি কলিং নিয়ে গবেষণা করছে স্কাইপ

ভিডিও চ্যাটিং প্ল্যাটফর্ম হিসেবেই যাত্রা শুরু করে স্কাইপ। বলতে গেলে এখনও পর্যন্ত ভিডিও কলিংয়ের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করে যাচ্ছে এটি। স্কাইপের একজন কর্মকর্তা জানিয়েছেন, স্কাইপ এখন কাজ করে যাচ্ছে থ্রিডি কলিং নিয়ে। প্রচলিত থ্রিডি প্রযুক্তির সীমাবদ্ধতার কারণেই এখনও তারা এই অভিনব এবং যুগান্তকারী ফিচারটি চালু করতে পারছে না। তবে এসব সীমাবদ্ধতা অতিক্রম করতে গবেষণা অব্যাহত রেখেছে স্কাইপ। গেল সপ্তাহেই দশ বছর অতিক্রম করেছে এই অ্যাপ্লিকেশন। সেই উপলক্ষেই বিবিসি’র কাছে দেওয়া এক সাক্ষাত্কারে কথা প্রসঙ্গে স্কাইপের নতুন এই ফিচারটি সম্পর্কে জানিয়েছেন স্কাইপের দায়িত্বে থাকা মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট মার্ক জিলেট। তবে নতুন এই প্রযুক্তি সকলের জন্য চালু হতে আরও কয়েক বছর লেগে যেতে পারে বলেও ধারণা দিয়েছেন তিনি। সাক্ষাত্কারে মার্ক বলেন, ‘থ্রিডি স্ক্রিন এবং থ্রিডি মোডে ছবি ধারণ নিয়ে আমরা গবেষণাগারে কাজ করে যাচ্ছি। সাম্প্রতিক সময়ে থ্রিডি প্রযুক্তিতেও এসেছে নতুন ধারণা। অনেকেই এখন থ্রিডি টিভি এবং থ্রিডি মনিটর কিনছেন, যা থ্রিডি ছবি উপহার দিতে সক্ষম। তবে সরাসরি থ্রিডি ছবি বা ভিডিও ধারণ করার মতো ডিভাইস আমাদের হাতে নেই। প্রকৃত থ্রিডি ভিডিও ধারণ করতে হলে একাধিক ক্যামেরা ব্যবহার করতে হবে এবং সেগুলোতে যথাযথভাবে সমন্বয় করতে হবে। আমরা জানি কীভাবে এই প্রযুক্তি কাজ করে এবং গবেষণাগারে এটা আমরা সম্ভব করেছি। তবে সাধারণের ব্যবহারের জন্য এই ধরনের ডিভাইস কতটা দ্রুত তৈরি করা যাবে, সেটা সবার জন্যই একটি কঠিন প্রশ্ন।’ বর্তমানে হরহামেশাই থ্রিডি চলচ্চিত্র তৈরি হওয়ার প্রসঙ্গ নিয়ে মার্ক বলেন, ‘থ্রিডি চলচ্চিত্র তৈরি হলেও সেই প্রক্রিয়াটি অত্যন্ত ব্যয়বহুল। তবে আমরা যে প্রযুক্তির দুনিয়ায় বাস করছি, তাতে আমরা আশা করছি অচিরেই হয়ত মোবাইল ফোনে থ্রিডি ক্যামেরা যুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের জন্য থ্রিডি কলিং ফিচার চালু করাটা আর কঠিন হবে না।’