মেডিক্যাল চেক-আপের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন সোনিয়া গান্ধী

মেডিক্যাল চেক-আপের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভারতের ক্ষমতাসীন দলের প্রধান সোনিয়া গান্ধী। তিনি এক সপ্তাহ আগে নয়াদিল্লির এক হাসপাতালে ভর্তি হন। রবিবার দলের এক সিনিয়র নেতা এ খবর জানান। রবিবার রাতে দলের ঐ নেতা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেন, ‘মেডিক্যাল চেক-আপের জন্য এই সময় তার যুক্তরাষ্ট্রে পূর্বনির্ধারিত ছিল।’ পিটিআই জানিয়েছে, ৬৬ বছর বয়সী সোনিয়া সর্বশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে মেডিক্যাল চেক-আপের জন্য যুক্তরাষ্ট্র যান। এছাড়াও গত বছরের সেপ্টেম্বরেও তিনি যুক্তরাষ্ট্র সফর করেন। গত সপ্তাহে পার্লামেন্টের এক অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ আইন পাস হবার সময় বিতর্ককালে সোনিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার পার্টি থেকে জানানো হয়, তিনি জ্বরে ভুগছিলেন এবং যুগান্তকারী খাদ্য কল্যাণ আইন পাস হবার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।