মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যাচ্ছে নকিয়া

শেষ পর্যন্ত মাইক্রোসফটের কাছেই বিক্রি হয়ে যাচ্ছে এক সময়ে মোবাইল ফোনের বাজারে রাজত্ব করা নকিয়া। ৭০২ বিলিয়ন মার্কিন ডলার (৫৪০ বিলিয়ন ইউরো) অর্থের বিনিময়ে নকিয়ার ডিভাইস ও সার্ভিস ইউনিটের পুরোটাই কিনে নিচ্ছে মাইক্রোসফট। এ ছাড়া নকিয়ার যাবতীয় প্যাটেন্ট এবং ম্যাপিং সার্ভিসের মালিকানাও চলে যাবে মাইক্রোসফটের দখলে। আগামী বছরের শুরুতেই এই বিকিকিনি সম্পন্ন হবে। কিছুদিন আগেই এক বছরের মধ্যে অবসরের ঘোষণা দেওয়া মাইক্রোসফট সিইও স্টিভ বলমার মাইক্রোসফটের এই সিদ্ধান্তকে ‘বড় এবং সাহসী’ হিসেবে অভিহিত করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘মাইক্রোসফটে সকলে একটি সফটওয়্যার ও পিসি কোম্পানি হিসেবে জানলেও আমরা একে ডিভাইস এবং সেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠান হিসেবে পরিণত করতে কাজ করে যাচ্ছি। গত দুই-আড়াই বছরে নকিয়ার সাথেও আমরা কাজ করছি।’ এদিকে এই চুক্তি বাস্তবায়নের সাথে সাথে নকিয়ার প্রধান স্টিফেন ইলোপ এবং অন্যান্য কর্মকর্তাসহ নকিয়ার প্রায় ৩২ হাজার কর্মী মাইক্রোসফটের কর্মী হিসেবেই পরিচিত হবেন। অন্যদিকে নকিয়ার প্রধানের পদ থেকেও নেমে যাবেন স্টিফেন ইলোপ। নকিয়া জানিয়েছে, তিনি ডিভাইস ও সার্ভিস ইউনিটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন। উল্লেখ্য, গত শতাব্দীর শেষ সময় পর্যন্ত মোবাইল ফোনের বাজারে একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে সমর্থ হয় নকিয়া। পরবর্তী সময়ে স্মার্টফোন বাজার দখল করে নিলে নকিয়ার বাজার কমতে থাকে। অ্যাপল, স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠানের সাথে কুলিয়ে উঠতে পারেনি নকিয়া। স্মার্টফোনের বাজার ফিরে পেতে উইন্ডোজ ফোন দিয়েই চেষ্টা চালিয়ে যায় নকিয়া কিন্তু তাতে সফল হতে পারেনি তারা। অন্যদিকে মাইক্রোসফটও প্রযুক্তি পণ্যের বাজারে সারফেস ট্যাবলেট পিসি দিয়ে আত্মপ্রকাশ করে এবং পণ্যের বাজারে আরও মনোযোগী হওয়ার ইচ্ছাও পোষণ করে। তারই ফলশ্রুতিতে এবারে নকিয়াকে কিনে নিল তারা।