জিহাদকে পাঠ্যপুস্তকে ফেরাচ্ছেন ইমরান খান
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৫
পাঠ্যপুস্তক থেকে বাদপড়া জিহাদি বিষয়বস্তুকে পুনরায় ফেরানোর উদ্যোগ নিয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ইমরান খানের দলের সরকার। সাবেক ক্রিকেটারের দল তেহরিক-ই ইনসাফের নেতৃত্বাধীন ওই প্রদেশের সরকারের জামায়াতে ইসলামীও রয়েছে। ভারতের সংবাদপত্র টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার তাদের অনলাইন সংস্করণে এ খবর দিয়েছে।
জঙ্গি হামলায় ক্ষত-বিক্ষত পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আওয়ামী ন্যাশনাল পার্টি নেতৃত্বাধীন সরকার ২০০৮ সালে বিদ্যালয়ের পাঠ্যপুস্তক থেকে জিহাদের বিষয়বস্তু বাদ দেন। অসামপ্রদায়িক ওই দলকে হারিয়ে ক্ষমতায় আসা তেহরিক ও জামায়াতের জোট সরকার এখন ওই সিদ্ধান্ত পাল্টে দিতে চাচ্ছে। প্রাদেশিক তথ্যমন্ত্রী শাহ ফরমান এক সংবাদ সম্মেলনে বলেন, আগের সরকারের ‘ভুল’ শোধরাবেন তারা।