অভ্যুত্থান ষড়যন্ত্র

তুরস্কে জেনারেলদের বিচার কাজ শুরু

তুরস্কে ইসলামপন্থি সরকার উত্খাতের ষড়যন্ত্র করার অভিযোগে দেশটির এক সাবেক সেনাপ্রধানসহ শতাধিক জেনারেলের বিচার কাজ শুরু হয়েছে। ১৯৯৭ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে নেকমেত্তিন আরবাকান সরকারকে উত্খাত করা হয়েছিল। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেনারেল ইসমাইল হাককি কারাদাইসহ (চিফ অব জেনারেল স্টাফ ১৯৯৪-৯৮) সাবেক ও বর্তমান মিলিয়ে মোট ১০৩ জন জেনারেলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সরকারি কৌঁসুলিরা কারাদাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন। ১৯৬০, ১৯৭১ এবং ১৯৮০ সালে তুরস্কে সরকার উত্খাত করে সেনাবাহিনী। ২০০২ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোগান সরকার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক মামলা শুরু করেছে। সরকার উত্খাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ বর্তমান ও সাবেক শত শত সেনা কর্মকর্তাকে আটক করা হয়েছে।