ব্রাজিল ও মেক্সিকোর ওপর মার্কিন গোয়েন্দাগিরি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৬
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) ব্রাজিল ও মেক্সিকোর প্রেসিডেন্টদের যোগাযোগ মাধ্যমে বিশেষত, ইন্টারনেটে আড়িপেতে গোয়েন্দাগিরি করেছে। ব্রাজিলের গ্লোবো টিভি এক প্রতিবেদনে একথা জানিয়েছে। টিভির এক অনুষ্ঠানে রবিবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ অভিযোগ করেন ব্রিটেনের ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার ব্রাজিলিয়ান সাংবাদিক গ্লেন গ্রিনওয়াল্ড। এনএসএ’র ব্যাপক আড়িপাতা কর্মসূচি ফাঁস করে দেয়া সাবেক সিআইএ কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতেই এ অভিযোগ করেন তিনি। গ্রিনওয়াল্ড বলেন, যুক্তরাষ্ট্রের চররা কিভাবে ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের শীর্ষ সহযোগীদের মধ্যকার বার্তা বিনিময়ের ওপর গোয়েন্দাগিরি করেছে তা এ গোপন তথ্য থেকে বেরিয়ে এসেছে। টিভি প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট রৌসেফের ইন্টারনেটেও এনএসএ আড়ি পেতেছে। এমনকি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতো নির্বাচিত হওয়ার আগে বিভিন্নজনের সঙ্গে তার যোগাযোগের ওপর নজরদারি করেছে এনএসএ।
গ্রিনওয়াল্ড বলেছেন, ২০১২ সালের জুনের নথি থেকে দেখা গেছে, পেনা নেইতোর ই-মেইল পড়েছে গোয়েন্দারা।