প্রজন্ম আয়োজন
ঝলমলে আয়োজনে নান্দনিকতা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৩, ২০:০১
ধানমন্ডির দৃক গ্যালারিতে গত ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় উদ্বোধন করা হলো বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানিং প্রদর্শনী। পলা রহমানের একক পরিচালনায় ‘বিফোর আই ডু’ শিরোনামের প্রদর্শনীটির আয়োজন সহযোগিতায় রয়েছে ওয়েডিং ডায়েরি। এ নিয়ে আমাদের এবারের আয়োজন।
ব্যস্ততা ভরা জীবনে পারিবারিক নানা আয়োজনে চাইলেও সবাই সবটুকু সময় দিতে পারে না। তাই বলে হেলাফেলা করলেও তো চলবে না। আজকাল বিয়ের আয়োজনের এই ঝামেলাগুলো অনেকটাই শিথিল হয়ে এসেছে। কারণ আপনার কিংবা আপনার প্রিয় মানুষটির বিয়ের সকল মাথাব্যথা এখন হাসিমুখে নিচ্ছেন ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানাররা। পলা রহমানের একক পরিচালনায় ‘বিফোর আই ডু’ শিরোনামে এ প্রদর্শনীটির উদ্বোধন করেন স্বনামধন্য নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আর উপস্থিত ছিলেন নির্মাতা রেদোয়ান রনি, আশফাক নিপুণ, চিত্রনায়িকা নিপুণ, অভিনেতা সুমন পাটওয়ারী, ছড়াকার অনিক খান, সংগীতশিল্পী এলিটা করিম, জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদ, রূপ বিশেষজ্ঞ আফরোজা কামাল, ভিজে আলিফ, স্ট্যান্ডআপ কমেডিয়ান সোলায়মান শোখামসহ আরও অনেক মিডিয়া ব্যক্তিত্ব। ‘বিফোর আই ডু’ ইভেন্টে এই প্রথম আপনি পেতে পারেন বিয়ের পর দাম্পত্যজীবনের সব অনুষঙ্গকে সঙ্গে রেখে একটি কমপ্লিট ওয়েডিং সলিউশন। এই প্রয়াসে ওয়েডিং ডায়েরির সঙ্গে রয়েছে বাংলালিংক, ঢাকা রিজেন্সি হোটেল, আসটালিফট, ফুজিফিল্ম, কম্পিউটার সোর্স, গ্যালাক্সি হলিডেজ, গ্লোরিয়াস এক্সক্লুসিভ ফার্নিচার, ইন্সট্যাক্স, মীনা বাজার, ওশেন প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, পেপার স্টুডিও, ওয়েডিং ডায়েরি, ভিএলসিসি এবং প্রীত রেজা ফটোগ্রাফি। অর্থাত্ বিয়ের কার্ড ছাপানো থেকে শুরু করে কনের সাজ, হানিমুন, নতুন বাড়িতে নতুন আসবাব—এ সবকিছুই পাচ্ছেন আপনি এক ছাদের নিচেই। প্রদর্শনী সম্পর্কে পলা রহমান বলেন, ‘দেখা যায় যে আমাদের দেশে ইভেন্ট ডিজাইন ও প্ল্যানিং বলতে আমরা কেবল বিয়ের স্টেজ সাজানো আর ডিজে মিউজিকই বুঝি! অথচ ইভেন্ট ডিজাইন এবং প্ল্যানিং মানে যে এর চাইতেও আরও অনেক বেশি কিছু সেটিই আমি সকলের কাছে তুলে ধরতে চাই। আমি বিশ্বাস করি মানুষের আবেগই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিয়ের খুঁটিনাটি সবকিছুর আমেজই পাওয়া যাবে আমার এই প্রদর্শনীতে। ‘বিফোর আই ডু’ একটি কমপ্লিট ওয়েডিং সলিউশন। এখানে বিয়ের যাবতীয় সবকিছুই থাকবে ক্লায়েন্টদের জন্য। যদি বিয়ে নিয়ে কারো এতটুকুও চিন্তা থাকে সেটি নিমিষেই দূর হয়ে যাবে এই ইভেন্টে এসে, সেই নিশ্চয়তা দিতে পারি!’