সিটিও ফোরামের মিট দ্য প্রেস অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তি খাতে নিরাপত্তা ঝুঁকি কমাতে ও দক্ষ জনশক্তি তৈরিতে সিটিও ফোরমের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত করার জন্য সিটিও ফোরাম বাংলাদেশের অফিসে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি তপন কান্তি সরকার বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে নিরাপত্তা ঝুঁকি কমাতে ও সচেতনতা তৈরিতে সিটিও ফোরাম বিভিন্ন কর্মশালার আয়োজন করেছে। এর মধ্যে ‘আইটি সিকিউরিটি ইন টুডেস গ্লোবাল ব্যাংকিং’, ‘ই-ব্যাংকিং সিকিউরিটি’, ‘এন্টারপ্রাইজ আইসিটি সিকিউরিটি’, ‘রোল অব আইটি ইন ২১ সেঞ্চুরি ব্যাংকিং’ এবং ‘অনলাইন ট্রানজেকশন সিকিউরিটি’ অন্যতম।’ অনুষ্ঠানে স্থানীয় বিশেষজ্ঞ ছাড়াও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভিন্ন গোলটেবল এবং সেমিনার ছাড়াও ‘সিটিও ম্যাগাজিন’ শীর্ষক একটি ত্রৈমাসিক পত্রিকা প্রকাশ করা হচ্ছে। দক্ষ জনশক্তি তৈরিতে সিটিও ফোরাম আয়োজিত বিভিন্ন সেমিনার এবং কর্মশালার কথাও জানানো হয়। অনুষ্ঠানে সিটিও ফোরাম বাংলাদেশের কর্মকর্তাসহ গণমাধ্যমে আইটিতে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।