ফুডজোন
স্টেকের মজা চারকোলে
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৭
ঢুকতেই অন্যরকম একটা আবহ পুরোটা জুড়ে। মৃদু আলোর সাথে পছন্দের কোনো শিল্পীর গান চলছে হয়তো অদ্ভুত সুন্দর এক ছন্দে। নিচ তলাতেই অনেক লোক বসতে পারেন একসাথে। এখানে ছোট ছোট ভাগ রয়েছে। আপনার একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানগুলোর জন্য এ এক দারুণ জায়গা। সব মিলিয়ে শ দেড়েক লোকের সংকুলান করা সম্ভব এই অভিজাত এই রেস্তোরাঁয়। পেঁচানো এক সিঁড়ি দিয়ে উপরে উঠতেই প্রথমে ছোট্ট এক কক্ষ, জায়গাটি কর্পোরেটরা দারুণ পছন্দ করবেন মিটিং বা কর্পোরেট খাবার অনুষ্ঠান আয়োজনে। দশ-বারো জন অনায়াসে বসে যাওয়া যাবে সেখানে। এরপর আরেকটু এগোতেই খানিকটা দ্বিধায় পড়ে যাবেন। এটা কারও বাসায় এসে পড়লেন না তো! কয়েক সেট আরামদায়ক সোফা, একপাশে চলছে বিশাল এক টিভি। অবাক হওয়ার কিছু নেই, ঘরোয়া পার্টি বা বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা এখানেও চলতে পারে। এর জন্য বাড়তি কোনো খরচাও নেই আপনার।
সব তো গেল, রেস্তোরাঁর আসল জিনিসটার কথাই তো বলা হলো না। ঘুরে দেখতে দেখতেই সুস্বাদু খাবারের পসরা এসে হাজির। লাজানিয়ে খেয়েছেন হয়তো, কিন্তু চারকোলের লাজানিয়া উপভোগ না করে থাকলে অনেক কিছুই মিস করে গেছেন মজার এই খাবারটার। এর বাইরে স্টেকের জন্যও খ্যাতি রয়েছে এই রেস্তোরাঁর। একটু চোখ বুলিয়ে নিলাম মেন্যুর তালিকায়। অ্যাপেটাইজারের মধ্যে নাচোস গ্রান্ডে, স্টাফড মাশুরুম, ফ্রায়েড ক্লামারি, ডিনামাইট শির্ম্প, শির্ম্প ককটেইলের চাহিদা আছে খুব, জানালেন ফ্লোর ইনচার্জ আল হাদী। এর বাইরে শেফ’স স্পেশালের মধ্যে চারকোল ল্যাম্ব চপস, প্যান রোস্টেড সলমন, সিফুড স্পাগেত্তি পছন্দের শীর্ষে রেখেছেন গ্রাহকরা। আর এর বাইরে বাহারি স্যুপ তো আছেই। এবার আসি তাদের স্পেশাল স্টেকস আর গ্রিলের দিকে। গ্রিলড ফিলেট স্টেক , টি-বোন, মেগা মিক্সড গ্রিলের জন্য অনেকেই তাদের নিয়মিত ভোক্তা। আর অন্যান্য যে খাবার রয়েছে, সেগুলোতেও কর্তৃপক্ষ জোর দিয়ে থাকে মান আর স্বাদের অভিন্নতার দিকে।
খাবার সম্পর্কে জানার পর ঘুরে দেখলাম তিনতলাটা। একটা ফ্যামিলি স্যুট রয়েছে এখানে। বিশাল স্ক্রিনের টিভিতে পছন্দের মুভিটা দেখে নিতে পারেন আপনি। আর তার সামনেই কিছুটা জায়গা ওপেন রাখা হয়েছে। এখানেও বসতে পছন্দ করেন অনেকে। সব মিলিয়ে দারুণ এক আবহ তৈরি করা হয়েছে, যেটা আকৃষ্ট করে সবাইকে।
এ ক ন জ রে
চারকোল স্টেক হাউজ
উদ্যোক্তা :আরশাদ হোসেন
ঠিকানা :রোড-১৩৬, গুলশান ১, ঢাকা
কবে যাবেন :সপ্তাহের সাতদিনই, দুপুর ১২টা থেকে রাত ১১টা
বুকিং :ছোটখাটো পার্টির জন্য আগে দরকার নেই, বড় আয়োজনে জানাতে হবে দিনকয়েক আগে।
বিশেষ আকর্ষণ :ভিন্ন ধরনের স্টেক, লাজানিয়া, আর সরাসরি অস্ট্রেলিয়া থেকে আমদানি করা কিছু খাবার।