আবারও আলোচনায় স্মার্ট ঘড়ি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
বিভিন্ন ওয়েবসাইটের সূত্রে বছরখানেক আগেই জানা যায়, অ্যাপল বাজারে আনবে স্মার্ট হাতঘড়ি। একই সময়ে স্যামসাং এবং গুগল’র পক্ষ থেকেও স্মার্ট হাতঘড়ি তৈরির খবর পাওয়া যায়। স্মার্টফোনের এই যুগে নতুন এক প্রবণতা তৈরি করে ফেলে স্মার্ট হাতঘড়ি। এর মধ্যে স্মার্ট হাতঘড়ি হিসেবে বাজারে আসে পেবল। সনিও তাদের আগের মডেলকে উন্নত করে নতুন সংস্করণ ছাড়ে বাজারে। তবে প্রযুক্তি বিশ্ব অপেক্ষা করে ছিল মূল অ্যাপল, স্যামসাং, গুগল’র মতো জায়ান্টদের স্মার্ট হাতঘড়ি দেখার জন্যই। সেই অপেক্ষার খানিকটা অবসান ঘটেছে গেল সপ্তাহে স্যামসাংয়ের স্মার্ট হাতঘড়ি ‘গ্যালাক্সি গিয়ার’-এর অবমুক্ত হওয়ায়। স্যামসাং ছাড়াও অবশ্য প্রায় একই সময়ে স্মার্ট হাতঘড়ি অবমুক্ত করেছে কোয়ালকম, যার নাম দেওয়া হয়েছে ‘টক’। আবার গাড়ি নির্মাতা নিশানও তার গাড়ির ব্যবহারকারীদের জন্য তৈরি করেছে স্মার্ট হাতঘড়ি; এর নাম তারা দিয়েছে ‘নিশান নিসমো’। ফলে স্মার্ট হাতঘড়ি নিয়ে আবারও নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রযুক্তি বিশ্বে।
গ্যালাক্সি গিয়ার
স্মার্ট হাতঘড়ির আলোচনায় শুরুতেই আসবে স্যামসাংয়ের গ্যালাক্সি গিয়ারের কথা। অনেকদিন থেকেই প্রযুক্তি বিশ্ব অপেক্ষায় রয়েছে এই গ্যাজেটটির। স্যামসাংয়ের এই স্মার্ট ঘড়ির আকৃতি ১.৬ ইঞ্চি বা ৪ সেন্টিমিটার। নিজের স্মার্টফোনটির সাথে একে সংযুক্ত করে এর মাধ্যমেই ফোনে আগত কলগুলো রিসিভ করে কথা বলা যাবে, এসএমএস বা ইমেইলও চেক করা যাবে। অ্যান্ড্রয়েড চালিত এই স্মার্ট হাতঘড়িতে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনও ব্যবহার করা যাবে। এই স্মার্ট ঘড়ির সাথে একটি ক্যামেরাও যুক্ত আছে। ফলে ঘড়ি থেকেই ছবি তোলার কাজটি করা যাবে। অবশ্য ভিডিও চ্যাট করা যাবে না এই ক্যামেরা ব্যবহার করে।
কোয়ালকম টক
মোবাইল প্রসেসর নির্মাতা কোয়ালকম এবারে প্রবেশ করেছে স্মার্ট হাতঘড়ির বাজারে। কোয়ালকমের এই ঘড়ির নাম দেওয়া হয়েছে টক। স্মার্টফোনের সাথে সংযুক্ত হয়ে এই স্মার্ট হাতঘড়ি যেমন কল রিসিভ করতে পারে, তেমনি স্মার্টফোনের গানগুলোও চালাতে পারে নিজেই। এর সাথে অপশনাল ব্লুটুথ হেডসেটও রয়েছে। এই স্মার্ট ঘড়িকে কেসিংয়ের মধ্যে রাখলেই সেটা চার্জ হয় ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি ব্যবহার করে। ব্লুটুথ হেডসেটটিও একইভাবে চার্জ করা যায়। ফলে আলাদা করে দুটোকে চার্জ দেওয়ার প্রয়োজন হয় না। এই ঘড়িতেও এসএমএস দেখা, রিমাইন্ডার দেখার মতো কাজগুলো করা যায় সহজেই। ফলে পকেটে আপনার স্মার্টফোনটি রেখে এই ঘড়িকে আপনার ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। কোয়ালকম জানিয়েছে, দীর্ঘ দুই বছরের গবেষণার ফসল এই স্মার্ট হাতঘড়ি। ডিজাইনের দিক থেকে এটি সবাইকে টেক্কা দিতে সক্ষম।
নিশান নিসমো
গাড়ি নির্মাতা নিশানও স্মার্ট হাতঘড়ির প্রয়োজনীয়তা বুঝতে পেরেছে। নিশান নিসমো নামের তাদের এই স্মার্ট হাতঘড়ি কেবল ব্যবহারকারী নয়, তার গাড়িকেও মনিটর করতে সক্ষম। এর মাধ্যমে ব্যবহারকারীর শরীরের তাপমাত্রা, হূদস্পন্দনের গতি এবং অন্যান্য শারীরিক তথ্য মনিটর করা যায়। আবার একইভাবে গাড়ির গতি, জ্বালানীর ব্যবহারসহ গাড়ির বিভিন্ন কার্যক্রমও মনিটর করতে পারে এটি। সময়ের সাথে সাথে সবকিছুতেই স্মার্ট প্রযুক্তি ব্যবহূত হচ্ছে। আবার গাড়ির জন্যও নানা ধরনের স্মার্ট অ্যাকসেসিরজ তৈরি হচ্ছে। নিশানের এই ঘড়িকে গাড়ির জন্য একটি গুরুত্বপূর্ণ অ্যাকসেসরিজ হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। নিশান গাড়ির বোর্ডের কম্পিউটারের সাথে যুক্ত থেকে এই ঘড়ি গাড়ির সব তথ্য আপনাকে গাড়ির বাইরে বসে পাওয়অর সুবিধা করে দেবে। আবার নিশান থেকে পাঠানো বিভিন্ন ধরনের ম্যাসেজও গ্রহণ করা যাবে এই গ্যাজেটটি ব্যবহার করে।
সবমিলিয়ে স্মার্ট হাতঘড়িই সামনের দিনগুলোতে প্রযুক্তি বিশ্বে রাজত্ব করবে বলে মনে করা হচ্ছে।