গ্যাজেটস

নাইমি রিস্টব্যান্ড

এমন হলে কেমন হয়, যদি আপনার আইফোন কিংবা গাড়ির লক খোলার জন্য কোনো ধরনের পাসওয়ার্ড কিংবা চাবি লাগবে না? নিরাপত্তা নিয়ে যারা শঙ্কিত, তারা নিশ্চয়ই ভাবছেন তাহলে এসব তো যে কেউই ব্যবহার করতে পারবে। তবে আপনার নিজের হূদস্পন্দন কিংবা ইসিজি সিগনেচার যদি হয় এসব ডিভাইস আনলক করার মূল চাবি, তাহলে কিন্তু আর কারও হাতে পড়লেও আপনার গাড়ি বা ফোন কেউ আনলক করতে পারবে না। এরকম উদ্দেশ্য নিয়েই কানাডার টরোন্টোর একটি প্রতিষ্ঠান তৈরি করেছে ‘নাইমি রিস্টব্যান্ড’। এতে রয়েছে বিশেষ একটি বায়োমেট্রিক সেন্সর যাতে হাত রাখলে এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার ইসিজি সিগনেচার সংগ্রহ করতে পারে। এরপর এই ইসিজি সিগনেচারই কাজ করবে পাসওয়ার্ড কিংবা চাবি হিসেবে। ফলে এই ব্যান্ডটি আপনার আইফোন কিংবা গাড়ির সাথে সিনক্রোনাইজ করে নিলে ব্যান্ড হাতে থাকলে আর গাড়ি কিংবা আইফোন আনলক করার জন্য আলাদা চাবি কিংবা পাসওয়ার্ডের প্রয়োজন হবে না। বায়োনিম নামের একটি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। তারা জানিয়েছে, সব ধরনের ডিজিটাল ডিভাইসের সাথেই একে সিনক্রোনাইজ করা যাবে। এর ফলে সব ধরনের ডিভাইস এবং গ্যাজেট অন্যদের হাত থেকে সম্পূর্ণরূপে নিরাপদ রাখা সম্ভব হবে। ডিভাইস ও গ্যাজেটের নিরাপত্তায় এটি অনন্য একটি সংযোজন বলেই মনে করছে তারা।