প্রযুক্তি ব্যক্তিত্ব : রিচার্ড স্টলম্যান
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৬
পুরো নাম রিচার্ড ম্যাথিউ স্টলম্যান। নামের অদ্যাক্ষর দিয়ে তাকে আরএমএস নামেও ডাকা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের এই কম্পিউটার প্রোগ্রামার উন্মুক্ত সফটওয়্যার আন্দোলনের অন্যতম একজন অগ্রজ কর্মী। ১৯৫৩ সালের ১৬ মার্চ জন্মগ্রহণ করেন স্টলম্যান। হাই স্কুলে পড়ার সময়েই তিনি আইবিএম নিউইয়র্ক সায়েন্টিফিক সেন্টারে কম্পিউটারের সাথে পরিচিত হন। ফোরট্রান প্রোগ্রামে একটি নিউমেরিক্যাল অ্যানালাইসিস প্রোগ্রাম লেখার জন্য তাকে একসময় দায়িত্ব দেওয়া হয়। গ্রীষ্মের ছুটিতে তিনি কয়েক সপ্তাহের মধ্যেই এটি লিখে ফেলেন। হাই স্কুল শেষ করে তিনি আরও একটি প্রোগ্রাম লিখতে সমর্থ হন। এ সময় তিনি রকফেলার ইউনিভার্সিটিতে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি গণিত এবং পদার্থবিজ্ঞানেই মনোযোগী হন। হার্ভার্ডে ভর্তির পর থেকেই তিনি গণিতে ভালো করতে শুরু করেন। ১৯৭১ সালে তিনি এমআইটি’র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাবরেটরির একজন প্রোগ্রামার হিসেবে কাজ শুরু করেন। সে সময় থেকেই তিনি হ্যাকারদের সাথে জড়িত হতে শুরু করেন। ধীরে ধীরে স্টলম্যান উন্মুক্ত সফটওয়্যারের একজন অন্যতম পথিকৃত্ হয়ে ওঠেন। ১৯৮৩ সালে তিনি জিএনইউ অপারেটিং সিস্টেমের ঘোষণা দেন এবং ১৯৮৫ সালে জিএনইউ ম্যানিফেস্টো প্রকাশ করেন। অদ্যাবধি বিশ্বব্যাপী উন্মুক্ত সফটওয়্যারের পক্ষে কাজ করে যাচ্ছেন তিনি।