জেনে নিন

বিনোদনের নানা আয়োজন নিয়ে যমুনা ফিউচার পার্ক

সম্প্রতি যমুনা ফিউচার পার্কের বিনোদন বিভাগ চালু হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম ও এশিয়ার বৃহত্তম শপিং ও বিনোদন কেন্দ্র যমুনা ফিউচার পার্কের বিনোদন সুবিধার মধ্যে রয়েছে শপিং মলের ষষ্ঠ তলার সকল আয়োজন, শপিং মলের বাইরের রোমাঞ্চকর রাইডস, হেলথ ক্লাব ও রুফটপ রাইডস। ষষ্ঠ তলার নানান আয়োজনের মধ্যে রয়েছে এক সাথে ৪৫০০ লোকের ধারণ ক্ষমতার ফুড কোর্ট ও রেস্টুরেন্ট, যেখানে বিশ্বের খ্যাতনামা খাবারের ব্র্যান্ডসমূহ তাদের আয়োজনের পসরা সাজিয়েছে মলে আগত দর্শনার্থীদের জন্য। ষষ্ঠ তলার দর্শনার্থীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি হলো ‘ফিউচার ওয়ার্ল্ড’, যেখানে একসাথে ২৫০০ ছেলেমেয়ে ৪টি বৃহত্ ইনডোর রাইডস ১৫৭টি ভিডিও গেমসে্র বাংলাদেশের সর্ববৃহত্ ভিডিও গেমস্ আর্কেড, রক ক্লাইম্বার, মনোমুগ্ধকর ম্যাজিক শো ও সেভেন-ডি রাইডার ইত্যাদি এর স্বাদ পাবে। এখানে অবস্থিত ৮টি কারাওকে রুমে তারুণ্যের উচ্ছলতা আর প্রাণের আবেগে গানের সুরে ভাসবে তরুণ প্রজন্ম। এখানে আরও রয়েছে ‘ব্লকবাস্টার সিনেমাস’। দেশের সর্বাধুনিক প্রযুক্তির সাতটি সিনেমা হলের সমন্বয়ে ‘ব্লক বাস্টার সিনেমাস’। ডিজিটাল সাউন্ড সিস্টেম, থ্রিডি সিনেমার আয়োজন, চিত্তাকর্ষক ও বিলাসবহুল কফি লাউঞ্জ, অতিথিদের আরামদায়ক বসার জায়গা, বিলাসবহুল ভিআইপি লাউঞ্জ, অনলাইন টিকেটিং প্রভৃতি। ফ্যাশন ও স্বাস্থ্য সচেতনদের নিত্য দিনের স্বাস্থ্য পরিচর্যা ও সৌন্দর্য চর্চার জন্য ষষ্ঠতলাসহ চারটি ফ্লোরজুড়ে রয়েছে ‘ভোগ লাইফস্টাইল লাউঞ্জ’ যেখানে রয়েছে স্পা, হাইড্রো স্পা, সনা, মেক-ওভার স্যালন, বিউটি পার্লার, নারী-পুরুষের পৃথক জিমনেসিয়াম, দুইটি সুইমিং পুল—সব মিলিয়ে একটি পরিপূর্ণ হেলথ্ ক্লাব।