ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৪, আটক ৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার হাটগোপালপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত পদ্মাকর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সৈয়দ নিজামুল গনি লিটু ও সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বিকাশ বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালে বিকাশ বিশ্বাসের সমর্থকরা লিটু চেয়ারম্যানের নিয়ন্ত্রণে থাকা হাটগোপালপুরের আওয়ামী লীগের কার্যালয় দখল করে। এ সময় লিটু চেয়ারম্যানের লোকজন বাজারে এলে তাদেরকে মারধর করা হয়। এই ঘটনার জের ধরে পরে দুই পক্ষে সংঘর্ষে ৪জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।  আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিকাশ বিশ্বাস জানান, আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে নয়। সামাজিক শত্রুতার কারণে কারণে দু’দলে মারামারি হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে ৫ জনকে আটক করেছে পুলিশ।

ইত্তেফাক/বিএএফ