নিয়াজ জিয়ার ড্র দিয়ে শুরু

বার্জার পেইন্টস ৩৯তম জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে ড্র করেছেন দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এবং জিয়াউর রহমান। বিকালে গতকাল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারে খেলা শুরু হলে প্রথম রাউন্ডে গতবারের জাতীয় দাবা চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডানের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের সাথে ড্র করেছেন আনসারের খন্দকার আমিনুল ইসলাম। আনসারের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর গতবারের রানার-আপ মোহামেডানের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাথে ড্র করেছেন। নিয়াজ জিয়া ড্র করলেও দুরন্ত রাজশাহীর দুই গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব জয় পেয়েছেন। রাকিব পরাগকে এবং রাজিব জামালকে হারিয়েছেন। আজ বেলা আড়াইটায় দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।