কলা চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর ও আইলার আঘাতে বিপর্যস্ত মোরেলগঞ্জ উপজেলার কেউ কেউ কঠোর পরিশ্রমের মাধ্যমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এমনই একজন উপজেলার ছোলমবাড়ীয়া গ্রামের মোঃ তোতা মিয়া শেখের স্ত্রী মাকসুদা বেগম। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে তাদের সুখের সংসার লণ্ডভণ্ড হয়ে যায়। কৃষিক্ষেত সম্পূর্ণ বিপর্যস্ত হয়। মারা যায় ১৮টি হাঁস-মুরগি। উপার্জনের একমাত্র মাধ্যম কৃষিক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়াই তারা দিশেহারা হয়ে পড়েন। অনেকের মতো এ পরিবারটিও অভাব অনটনের সাথে লড়াই করে টিকে থাকার চেষ্টা করেন। অভাব অনটনে যখন মাকসুদা বেগম দিশেহারা তখন তার পাশে সাহায্যের হাত বাড়ায় একটি বেসরকারি সংস্থা। প্রথম কিস্তিতে কলা চাষের জন্য দেয়া হয় মুনাফামুক্ত ১০ হাজার টাকার ঋণ। প্রথম কিস্তির টাকা যথাযথ ব্যবহারসহ সঠিক ভাবে পরিশোধ ও কৃষিতে সফলতা লাভ করায় দ্বিতীয় দফায় তিনি ১২ হাজার টাকা ঋণ নিয়ে কলা চাষ করেন। তৃতীয় দফায় ১৮ হাজার টাকা ঋণ নিয়ে নিজের কিছু জমি এবং অন্যের থেকে বর্গা নেয়া মোট আড়াই বিঘা জমিতে কলা গাছ চাষ করেন। বর্তমানে তিনি কলাসহ বিভিন্ন সবজি চাষ ও বাজারজাত করছেন। এখন মাকসুদা বেগম তার স্বামী সংসার নিয়ে সুখের ঠিকানা খুঁজে পেয়েছেন।