রাজশাহী বোর্ডে খাতা পুনঃনিরীক্ষণ

৩০ ভাগ টাকা যায় কর্মকর্তাদের পকেটে

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় খাতা পুনঃনিরীক্ষণে ফি ব্যাক্তি বিশেষের পকেটে যাচ্ছে এমন অভিযোগ অস্বিকার করে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম বলেছেন, পারিশ্রমিক হিসেবে একটি অংশ কর্মকর্তারা পেয়ে থাকেন। রাজশাহী শিক্ষা বোর্ডের সূত্র জানায়, এবার এইচএসসি, এসএসসি ও জেএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণ করে রাজশাহী শিক্ষা বোর্ডের আয় হয়েছে ৭৯ লাখ ৩৯ হাজার টাকা। এর মধ্যে ২৩ লাখ ৮১ হাজার ৭শ’ টাকা চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীদের পকেটে গেছে। অভিযোগ উঠেছে, শিক্ষা বোর্ড যে অর্থ আয় করে সার্ভিস চার্জ হিসাবে সে টাকার ১২ ভাগ টাকা টেলিটক মোবাইল ফোন অপারেটর নিয়ে নেয়। এরপর ৬০ ভাগ টাকা জমা পড়ে শিক্ষা বোর্ডের সাধারণ তহবিলে। বাকি ২৮ থেকে ৩০ ভাগ টাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে নিম্নশ্রেণির কর্মচারী পর্যন্ত ভাগাভাগি হয়।