নাগেশ্বরী উপজেলা পরিষদের অর্ধ কোটি টাকার হদিস নেই !

নাগেশ্বরী উপজেলা পরিষদের বিশেষ অনুদানের ৫৬ লাখ ৮০ হাজার টাকার কোন হদিস নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাদ্দ পাওয়ার কথা অস্বীকার করলেও উপজেলা চেয়ারম্যান বলেন, এ বরাদ্দের কিছু টাকা ব্যয় করা হয়েছে। বাকি টাকা রাজস্ব খাতে জমা আছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের উপজেলা শাখা-২ এর ২০১২-২০১৩ অর্থবছরের সংশোধিত অনুন্নয়ন বাজেটে ‘বিশেষ অনুদান’ খাতে সারাদেশের ৪শ’ ৮৫টি উপজেলা পরিষদের অনুকূলে দুইশ’ পঞ্চাশ কোটি টাকা এককালীন বরাদ্দ দেয়া হয়। এর অংশ হিসেবে নাগেশ্বরী উপজেলার অনুকূলে বরাদ্দ দেয়া হয় ৫৬ লাখ ৮০ হাজার টাকা। উপজেলা চেয়ারম্যান এবং নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে সকল ইউপি চেয়ারম্যানদের নিয়ে প্রকল্প কমিটির যাচাই-বাচাইয়ের প্রেক্ষিতে বিভিন্ন অবকাঠামো সংস্কারসহ উন্নয়নমূলক কাজ করার কথা থাকলেও ইউপি চেয়ারম্যানগণ এ বিষয়ে কিছুই জানেন না। নুন খাওয়া ইউপি চেয়ারম্যান শাহজামাল মোল্লা বলেন, এ বরাদ্দের বিষয়টি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা গোপন রেখেছেন। ইউপি চেয়ারম্যানদের কিছুই বলেননি। তবে আগামী মাসিক আলোচনা সভায় বিষয়টি তুলে ধরা হবে। উপজেলা প্রকৌশল অধিদপ্তর জানায়, ইউপি চেয়ারম্যানদের প্রকল্প থেকে সর্বোচ্চ ১৬ লাখ টাকার ১৬টি প্রকল্প কমিটির মাধ্যমে, ২০ লাখ টাকার কাজ কোটেশনে এবং বাকি টাকার কাজ টেন্ডারে হবে।