পর্যটন শিল্পের মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দাবি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২০:০৭
দেশের উদীয়মান সেবাখাতের শিল্প হিসেবে পর্যটন শিল্পের মূলধনী যন্ত্রপাতি ও পরিবহন আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা প্রদানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের শিল্প উদ্যোক্তারা। তারা বলেন, জাতীয় শিল্পনীতি-২০১০ এ পর্যটন শিল্পকে অগ্রাধিকার শিল্পখাত হিসেবে ঘোষণা করা হলেও এ শিল্পের সাথে সংশ্লিষ্ট পণ্য ও যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে উদ্যোক্তারা কর সুবিধা পাচ্ছে না। সম্ভাবনাময় এ শিল্পের বিকাশে তারা দ্রুত কর অবকাশ সুবিধা নিশ্চিত করার তাগিদ দেন।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত ‘পর্যটন ও পানি- আমাদের ভবিষ্যতের রক্ষাকবচ: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে বক্তারা এ দাবি জানান। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশন গতকাল এ সেমিনার আয়োজন করে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মোখলেছুর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টেট ইউনিভারসিটি অব বাংলাদেশের অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম চৌধুরী। এতে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মজিব উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহি কর্মকর্তা আক্তার উজ জামান খান কবির, ট্যুর অপারেটরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাফেউজ্জামান, দারুল এহসান ইউনিভারসিটির ভিসি অধ্যাপক ড. আকবর উদ্দিন আহম্মেদ, এ.কে.এম বারি আলোচনায় অংশ নেন।