ঘিওরে ঝুঁকিপূর্ণ ব্রিজে যানবাহন চলাচল
দৌলতপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:০৮
মানিকগঞ্জের আরিচা-ঘিওর-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ব্রিজের নিচে নদীর পূর্ব ও দক্ষিণ কর্ণারে বসানো ব্লক সরে গিয়ে ব্রিজটি হুমকির মুখে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন দৌলতপুরসহ টাঙ্গাইলের নাগরপুর, সিরাজগঞ্জের চৌহালি উপজেলার হাজার হাজার যাত্রীরা যাতায়াত করে থাকে। ইতিমধ্যে ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে ঘিওর উপজেলা প্রশাসন। যে কোন সময় নদী ভাঙ্গনের কবলে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
অপরদিকে গত দুই মাসে যমুনা, ধলেশ্বরী নদীর অব্যাহত তীব্র ভাঙ্গনের ফলে দৌলতপুর উপজেলার বাচামারা, বাঘুটিয়া, চরকাটারী, জিয়নপুর খলসী ও চকমিরপুর ইউনিয়নে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনে এ পর্যন্ত পাঁচটি ইউনিয়নের এক হাজার বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, আবাদি জমিসহ বিস্তীর্ণ জনপদ বিলীন হয়ে গেছে। যমুনার ভাঙ্গনকবলিত ইউনিয়নের প্রায় ৫০টি গ্রামের ২ হাজার পরিবার বসতভিটা হারিয়ে দিশেহারা।
ঘিওর উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন জানান, ঠিকাদারকে ইতিমধ্যে ভাঙ্গনে বিলীন হওয়া নদীর পার দ্রুত মেরামতের জন্য নির্দেশ দেয়া হয়েছে। দুই-এক দিনের মধ্যে ভাঙ্গনকবলিত স্থানগুলো প্রথম দফায় বাঁশ ও বস্তা দিয়ে ভাঙ্গন রোধ করা হবে। পরে পানি কমে আসলে ব্লক বসিয়ে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।