মতলব-গাজীপুর সড়কের বেহাল দশা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মতলব ফেরিঘাট থেকে গাজীপুর ১ কিলোমিটার রাস্তার ওপরের অংশ উঠে গিয়ে খানাখন্দে যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন হাজারো যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনে যাতায়াত করছে। প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। এ রাস্তায় চলতে গিয়ে সবচেয়ে বেশি অসুবিধায় পড়তে হচ্ছে স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী ও বয়স্ক লোকেরদের। কয়েকজন গাড়ি চালক জানান, এ ভাঙ্গা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে প্রতিদিনই যাত্রীদের খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয়। কয়দিন পর পরই গাড়ির যন্ত্রাংশ বদলাতে হয়। যা আয় করি তার অধিকাংশই খরচ হয় গাড়ি মেরামতের পেছনে। চরমাছুয়া গ্রামের ছালাউদ্দিন বলেন, এটা রাস্তা নয়, যেন মরণ ফাঁদ।