৩০ বছরে ২৯১ বিয়ের ঘটকালী
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১০
৩০ বছরে ২৯১ বিয়ে দিয়েছেন পঞ্চাশোর্ধ্ব ঘটক মোহম্মদ আলী । লক্ষ্য ৫০১টি বিয়ের ঘটকালী করা। ঘটকালীর অনুরোধ নিয়ে প্রায়ই তার জীর্ণ কুটিরে ভিড় করেন কন্যা দায়গ্রস্ত দরিদ্র অনেক বাবা-মা।
উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত ফারাতুল্যাহ শেখের ছেলে মোহাম্মদ আলী জীবন-জীবিকার তাগিদে কখনো ছাতা,ভাঙ্গা হাঁড়িপাতিল মেরামত, শিলপাটা কোটা, নারিকেল-খেজুর গাছ পরিষ্কার , গ্রাম ঘুরে পুরান প্লাস্টিক সামগ্রী, লৌহজাত দ্রব্য কেনা-বেচার কাজ করে। পাশাপাশি ২০ বছর বয়সে শুরু করেন ঘটকালী। পেশা নয়, সময়ের ব্যবধানে ঘটকালী করা এখন তার নেশা। দরিদ্র ঘরের কন্যার ঘটকালী করে কন্যা দায়গ্রস্ত পিতাকে মুক্তি দিতে পারলে তিনি সবচেয়ে বেশি তৃপ্তি পান। এখন পর্যন্ত তিনি ৮১ গরীব কন্যার বিয়ে দিয়েছেন। নেননি কোন বখশিস। অন্যদের বিয়ে দিয়ে বিয়ে প্রতি বখশিস পেয়েছেন ২শ’ থেকে ১ হাজার পর্যন্ত। মোহাম্মদ আলী বলেন, ৫০১টি বিয়ে দিয়ে তিনি বাদ দিবেন ঘটকালী। তার বিশ্বাস তিনি তা পারবেন।