সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৩, ২১:১২
জয়পুরহাটে ইউডিসিসি সম্পর্কে অবহিতকরণ কর্মশালা
জয়পুরহাট প্রতিনিধি \ স্থানীয় সরকারের সেবা থেকে যেন গ্রামের সাধারণ মানুষরা বঞ্চিত না হয় সেজন্য চেয়ারম্যান-মেম্বারসহ সকলকে আরো আন্তরিক হতে হবে। এবং সর্বোচ্চ সেবা পৌঁছে দিতে হবে সাধারণের দোরগোড়ায়। গত বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি ইউডিসিসি গঠন ও কার্যাবলি সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ কথাগুলো বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এলজিএসপি-২ ডিপিডির যুগ্মসচিব মিজানুর রহমান, জাইকার প্রোগ্রাম অফিসার কেইকো তানাকা, জয়পুরহাট স্থানীয় সরকার উপ-পরিচালক জাকির হোসেন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় মা সমাবেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ গত বুধবার টিআইবির সহযোগিতায় গঠিত সনাক ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে মীরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে “একজন সুশিক্ষিত মা-ই পারে একটি শিক্ষিত জাতি উপহার দিতে”— এ শ্লোগান সামনে রেখে এক মা সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রিপন চাকমা ও বিশেষ অতিথি ছিলেন সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান লিটন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আঃ গফুরের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন সনাক সদস্য মোঃ আলী আকবর মজুমদার, নন্দিতা গুহ, আবদুন নূর, মোহাম্মদ আরজু প্রমুখ।
ঝিনাইগাতীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০১৩ উপলক্ষে এক এডভোকেসী সভা গত বুধবার স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ডাঃ আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুর রওশন, ডাঃ খাইরুল কবির সুমন, ইপিআই টেকনিশিয়ান রহুল আমিন প্রমুখ।
মধুপুরে দু’দিনব্যাপী তথ্য মেলা শুরু
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি মধুপুর উপজেলা শাখার উদ্যোগে দুদিনব্যাপী তথ্য মেলা গত বুধবার মধুপুর উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। মেলার মূল প্রতিপাদ্য বিষয় হলো:“তথ্যই শক্তি, জানবো-জানাবো, দুর্নীতি রুখবো”। মেলার উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আনিছুর রহমান মিঞা। মেলা উদযাপন পরিষদের আহবায়ক ডা. মীর ফরহাদুল আলম মনির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা চেয়ারম্যান খ. আব্দুল গফুর মন্টু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খ. শফিউদ্দিন মনি, সনাক সভাপতি শ্রী কুমার গুহ নিয়োগী প্রমুখ।
বকশীগঞ্জে ৭ দিনব্যাপী যুব প্রশিক্ষণ কর্মশালা
বকশীগঞ্জ(জামালপুর) সংবাদদাতা \ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলার ৪০ জন বেকার যুবক-যুবতীর অংশগ্রহণে ৭ দিনের এক বাটিক ও ব্লক প্রিন্টিং এবং টেইলারিং বিষয়ক যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ নাগের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল বারেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ প্রমুখ।
ঠাকুরগাঁও যুবদলের সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁও প্রতিনিধি \ ঠাকুরগাঁও যুবদলের ওয়ার্ড সাংগঠনিক সম্পাদককে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। গত বুধবার জেলা যুবদলের সদস্য সচিব মাহাবুব হোসেন তুহিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী পৌর যুবদল ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক ফারক হোসেনকে শান্তিনগর এলাকার বাড়ি থেকে ডেকে জাগরণী ক্লাবের নিকট নিয়ে এসে মারপিট করে। সে বর্তমানে গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।
দিনাজপুরে ক্যাবল নেটওয়ার্ক কন্ট্রোল রুমে হামলায় মামলা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ জেলার চিরিরবন্দর উপজেলার উত্তর দগরবাড়ীতে সমপ্রতি চিহ্নিত সন্ত্রাসীরা জিয়া ক্যাবল নেটওয়ার্কের কন্ট্রোল রুমে হামলায় চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় প্রায় চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। হামলাকারীরা কন্ট্রোল রুমের কর্মচারী লিটনের একটি পা ভেঙ্গে দেয়। এ ঘটনায় গত সোমবার জিয়া ক্যাবল নেটওয়ার্কের মালিক মো. নয়ন আলী চিরিরবন্দর থানায় একটি মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এজাহারভুক্ত আসামিদের একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
চাটমোহরে হত্যা মামলার আসামি গ্রেফতার
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহরে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নিহত গৃহবধূর ব্যবহূত মোবাইল ফোন সেট। গ্রেফতারকৃতরা হলো উপজেলার পবাখালী গ্রামের পলিটেকনিক্যাল কলেজের ছাত্র জাহাঙ্গীর আলম। চাটমোহর থানা ও পাবনা ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে পাবনা শহরের একটি মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নিহত বেলীর একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। গত ১৮ সেপ্টেম্বর হাত-পা ও মুখ বাঁধা, গলায় গামছা পেঁচানো বিবস্ত্র অবস্থায় সৌদি প্রবাসী আব্দুল হাইয়ের স্ত্রী মর্জিনা খাতুন ওরফে বেলীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী দুই মহিলাসহ ৩ জনকে আটক করা হয়।
হোমনায় ইমাম ও মাজার খানকার খাদেম সম্মেলন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ ইসলামিক ফাউন্ডেশ হোমনা শাখার উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মাজার খানকার খাদেমদের প্রতিনিধি সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ইউএও মো. হেলাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদ। বক্তব্য রাখেন ওলামা লীগের কেন্দ্রীয় নেতা মুফতি সাইদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান প্রমুখ।
মিঠাপুকুরে মহিলাদের মাঝে গম বিতরণ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ মিঠাপুকুর উপজেলার ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদে গতকাল বৃহস্পতিবার সরকারি বরাদ্দকৃত ভিজিডি কর্মসূচির উপকারভোগী মহিলাদের মাঝে গম বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ২নং রানীপুকুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, সমবায় অফিসার হাসমত আলী জোয়ারদার, রানীপুকুর ইউপি সদস্য ও সদস্যাগণ, গ্রাম আদালত সহকারী মাহ্বুবুল ইসলাম প্রমুখ।
সুজানগরে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সভা
সুজানগর (পাবনা) সংবাদদাতা \ পাবনার সুজানগর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আহমেদ ফিরোজ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, আ’লীগ নেতা আব্দুল কাদের রোকন ও থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান প্রমুখ।
গলাচিপায় সেলাই মেশিন বিতরণ
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা \ গলাচিপায় বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলমেন্ট সেন্টার (কোডেক) এর সংযোগ কর্মসূচির আওতায় পিকেএসএফ এর অর্থায়নে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১২৫ জন দুঃস্থ নারীকে ১২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সংযোগ প্রকল্পের প্রকল্প সম্বনয়কারী মু.নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ওয়াহিদ, গোলখালী ইউপি চেয়ারম্যান গোলাম গাউস তালুকদার নিপু।
সাঁথিয়ায় “ইচ্ছাময়ী দাসী মেধাবৃত্তি” প্রদান
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা\ গতকাল বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের খাঁন সাঁথিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রীদের “ইচ্ছাময়ী দাসী মেধাবৃত্তি” প্রদানের জন্য তার পরিবারের পক্ষ থেকে ১ লাখ টাকার চেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল কবিরের নিকট হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক রতন দাস প্রমুখ।
পীরগঞ্জ সরকারি কলেজে মাদক বিরোধী সেমিনার
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ গত বুধবার “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ে তুলুন” এ প্রতিপাদ্য বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার শাব্বীর আহমদ ও উপাধ্যক্ষ মোঃ মোসলেম। বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক আইয়ুব আলী, সহকারী অধ্যাপক বদরুল হুদা, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী প্রমুখ।
তারাগঞ্জে পল্লী চিকিত্সকের মোটর সাইকেল ছিনতাই
তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা\ গত বুধবার রাত ৯টায় উপজেলার হাড়িয়াকুঠি ইউনিয়নের উজিয়াল দীঘিরপাড় নামক স্থানে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা এক পল্লী চিকিত্সককে আটক করে তার মোটর সাইকেলটি ছিনতাই করে পালিয়েছে। জানা গেছে, ছিনতাইকারীরা পল্লী চিকিত্সক মোন্নাককে মারধর করে ধারালো অস্ত্র ঠেকিয়ে হাত, পা ও মুখ বেঁধে মাটিতে ফেলে মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
গাজীপুরে আইনজীবী সহকারীদের কর্মবিরতি
গাজীপুর প্রতিনিধি \ আইনজীবী সহকারী আইন পাসের দাবিতে গাজীপুরে কর্মবিরতি ও মানববন্ধন করেছে অ্যাডভোকট ক্লার্ক এসোসিয়েশন গাজীপুর জেলা শাখার নেতৃবৃন্দ। গত বুধবার তারা কর্মবিরতি পালন করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের গাজীপুর জেলা শাখার সভাপতি জাকারিয়া মোল্লা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান-১, কেন্দ্রীয় নেতা আব্দুর রউফ মোল্লা, মোতাহার হোসেন, জামাল উদ্দিন পালোয়ান, আমান উল্লা, মুজিবুর রহমান-৩ প্রমুখ।
কটিয়াদীতে হাসপাতালের ভিতরে ছিনতাই
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ কটিয়াদীতে হাসপাতালের ভিতরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চিকিত্সা নিতে এসে মোবাইল ফোন ও হাত ব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে জুলেখা বেগম চিকিত্সার জন্য তার মেয়ে সুফিয়াকে নিয়ে হাসপাতালে যায়। এ সময় অসুস্থ জুলেখার দিকে নজর থাকার সুবাদে ছিনতাই কারী সুফিয়ার ভ্যানিটি বেগ খানা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
ফুলপুরে অ্যাডভোকেসি সভা
ফুলপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার সকালে ফুলপুর উপজেলা পরিষদ হলরুমে ভিটামিন এ “প্লাস ”ক্যাম্পেইনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাইসুল হুদা ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএস ফেরদৌস, মেডিক্যাল অফিসার ডাঃ প্রদীপ কুমার সাহা, মেডিক্যাল অফিসার ডাঃ মুনতাসির রহমান আহমেদ পলল, মেডিক্যাল অফিসার ডাঃ প্রবাল দত্ত অধিকারী প্রমুখ।
লালমনিরহাটে কমিউনিটি পুলিশিং সভা
লালমনিরহাট প্রতিনিধি \ গত বুধবার হাউস সভাকক্ষে লালমনিরহাট জেলা কমিউনিটি পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার হাবিবুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মতিয়ার রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি প্রফেসার বাসাররফ হোসেন, সদস্য ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীর প্রতীক।
মনোহরগঞ্জে যমুনা ব্যাংকের শাখা উদ্বোধন
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার কুমিল্লার মনোহরগঞ্জে যমুনা ব্যাংকের ৮৫তম নাথেরপেটুয়া শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক পরিচালনা পরিষদ চেয়ারম্যান কানুতোষ মজুমদার, যমুনা ব্যাংক ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সফিকুল আলম।
বাঞ্ছারামপুরে নারী-পুরুষের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার মহিলা অধিদপ্তরের উদ্যোগে নারী ও পুরুষের অংশগ্রহণে উন্মুক্ত আলোাচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ রোস্তম আলম, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা লুত্ফুন নাহার খানম, উপজেলা মত্স্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম, ইউপি সদস্য মোঃ মোস্তফা কামাল, মোঃ জামাল উদ্দিনসহ বিভিন্ন এলাকার ইউপি মহিলা সদস্য, আর এমপি, বিজিডি কার্ডপ্রাপ্ত মহিলা, প্রাইমারী স্কুল ও হাই স্কুলের শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি \ ঝালকাঠির সুগন্ধা তীরবর্তী সিটিপার্ক এলাকায় আকস্মিক নদীর চর ডেবে যাওয়ায় প্রায় ৫০ হাত গভীরতার সৃষ্টি হয়েছে। দ্রুত এ ভাঙ্গন প্রতিরোধে কার্যকারি ব্যবস্থা গ্রহণের দাবিতে আবালবৃদ্ধবনিতা নারী-পুরুষ সবাই নদী তীরে সমাবেশ ও মানববন্ধন করেছে। ঝালকাঠি নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি আহ্বান করা হয়। সুগন্ধার এ ভাঙ্গনের মুখে প্রায় ২শ’ পরিবার, মসজিদ এবং ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান মারাত্মক হুমকির সম্মুখীন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন শেষে বক্তব্য রাখেন কাউন্সিলর রফিকুল ইসলাম, নাসিমা কামাল, নাগরিক ফোরামের আহ্বায়ক আহমেদ আবু জাফর, রব কমান্ডার, বারেক মাঝি, বাহারুল মাঝি প্রমুখ।
সিরাজগঞ্জে সংঘর্ষে আহত ১৫
সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া ও ভাঙ্গাবাড়ী মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আবির ও সজলকে ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ ঘটনা নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজের ছাত্র আবিরকে মারপিট করে ভাঙ্গাবাড়ী মহল্লার কয়েকজন বহিরাগত যুবক। এ খবর ছড়িয়ে পড়লে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ বাধে।
রংপুরে মাহেন্দ্রা হলার চালুর দাবিতে মানববন্ধন সমাবেশ
রংপুর প্রতিনিধি \ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাগলাপীর টু রংপুর মেডিক্যাল মোড় পর্যন্ত মাহেন্দ্রা হলার চালুর দাবি জানিয়েছেন পাগলাপীর তিন চাকা শ্রমিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে বলে জানিয়েছেন তারা। গত বুধবার পাগলাপীর এলাকায় মাহেন্দ্রা হলার চলাচল বন্ধের প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা প্রদান করেন নেতৃবৃন্দ।