তারাগঞ্জের হাটে কোরবানীর পশু
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
ঈদ-উল আযহার এখনও ২০দিন বাকি থাকলেও রংপুরের তারাগঞ্জ উপজেলাসহ আশেপাশের পশুরহাটগুলো জমে উঠতে শুরু করেছে। দামও হাতের নাগালের মধ্যে। তাই গ্রামগঞ্জের ক্রেতাসাধারণ গরু-ছাগল কিনতে হুমড়ি খেয়ে পড়ছে পশুরহাটগুলোতে। তারাগঞ্জ গরুর হাটে বেচা-বিক্রিও হচ্ছে ভালো। তারাগঞ্জ হাটে গিয়ে দেখা গেছে, হাটে সকাল থেকে গরু-ছাগল আসতে শুরু করেছে। বিকেল ৩টা পর্যন্ত এ হাটে হাজার হাজার গরু-ছাগলের আমদানি হয়। বেচা-বিক্রিও হয় বেশ ভালো। রংপুরের বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা-বিক্রেতা আসে এ হাটে। বিভিন্ন মূল্যের গরু-ছাগলের আমদানি ও বেচা-বিক্রিও ছিল সোমবার হাটের দিন লক্ষণীয়। ক্রেতাসাধারণরা জানিয়েছেন, গরু-ছাগলের দাম ছিল হাতের নাগালের মধ্যে। গত সোমবার হাটে যে গরু ২০-২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেই গরু ঈদের ৫/৭ দিন আগে কিনতে হলে দাম বেড়ে যেতে পারে বলে এমন ধারণা অনেকের।