তালায় সামাজিক বনায়নের অর্ধশত গাছ নিধন
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৯
বুধবার গভীর রাতে উপজেলার হরিহরনগর গ্রামের ওয়াপদা রাস্তার ধারে সামাজিক বনায়নের ৩ হাজার গাছের মধ্যে প্রায় অর্ধশত গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তবে কি কারণে বা কারা এ ধরনের কর্মকাণ্ড করেছে তা বলতে পারেনি সংশ্লিষ্টরা।
বনায়ন সমিতির সাধারণ সম্পাদক সেলিম সরদার জানান, বিগত ২০১০ সালে যশোর সামাজিক বন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড, উপজেলার হরিহরনগর চার রাস্তার মোড় হতে আশাশুনি উপজেলার খরিয়াটি অভিমুখে রাস্তার প্রায় ৩ কিলোমিটার এলাকায় বৃক্ষ রোপণ করে। “সামজিক বনায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন” নামে একটি প্রকল্পে হরিহরনগর গ্রামের ২৩ জন দরিদ্র ব্যক্তিকে সম্পৃক্ত করা হয়। বন বিভাগ ওই রাস্তায় বাবলা, শিশু, নিম, পেয়ারা, খৈ, তেঁতুল, আকাশমনি, জলপাই ও হরিতকিসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজার ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করে।
বুধবার রাতের আঁধারে দুর্বৃত্তরা তিন বছর বয়সী প্রায় অর্ধশত বাবলা গাছসহ বিভিন্ন গাছ কেটে ফেলে।