একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার হাতে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান, ইঞ্জিনিয়ার কাজী হিমেল প্রমুখ।
মনোনয়নপত্র জমা দিয়ে কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি দীর্ঘ ১৫ বছর ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছি।তৃণমূলের সকল নেতাকর্মী আমার সাথে রয়েছেন। কাজী জাফরউল্লাহকে জনগণ ইতিপূর্বেই বিদায় জানিয়েছে। তৃণমূলের নেতাকর্মীদের চাহিদার জন্যই আমি নমিনেশন দাখিল করেছি। আল্লাহ সহায় থাকলে জনগণের ভোটে আমি নিশ্চিত বিজয় হব।
এ সময় তার সঙ্গে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফাইজুর রহমান বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মডেল হিসাবে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামীতেও নতুন নেতৃত্বে সরকার গঠন করবে এর জন্য আমরা তৃণমূলে সকলেই কাজ করছি।
প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ দলীয় মনোনয়নপত্র জমা দেন। কাজী হেদায়েতউল্লাহ হলেন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর আপন চাচাতো ভাই। দুইজনেরই ভোট কেন্দ্র তাদের নিজ বাড়ির সন্নিকটে কাউলিবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপন দুই চাচাতো ভাই আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতা হওয়া সত্ত্বেও পরস্পর মনোনয়ন দাখিল করায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/বিএএফ