বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫২
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
দিনাজপুর
দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ ২ জন নিহত হয়েছে। সদর উপজেলার চুনিয়াপাড়ায় গত বৃহস্পতিবার সকালে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল চালক চিরিরবন্দর উপজেলার পুরইল গ্রামের গিয়ালের পুত্র দুলাল (৩২) ঘটনাস্থলে নিহত হন। চালক পালিয়ে গেলেও এলাকাবাসী মাইক্রোবাসটি আটক করে।
এদিকে পার্বতীপুর উপজেলার মকলেসপুর গ্রামের আব্দুল মালেকের স্ত্রী তাহেরা খাতুন (৬০) বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় ভটভটির ধাক্কায় গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। কোতয়ালী থানায় ২টি ইউডি মামলা হয়েছে।
মাগুরা
মাগুরা পৌর দরি মাগুরা বট তলায় বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মিরাজ (৪০) নামে বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মচারী নিহত হন। পিকআপ উল্টে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে মহম্মদপুর উপজেলার জসপুর গ্রামে গত বৃহস্পতিবার জাহিদুলের মেয়ে শিশু মল্লিকা পাটকাটির চাপায় মাগুরা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়।
নান্দাইল (ময়মনসিংহ)
নান্দাইল উপজেলার নান্দাইল রোড রেল স্টেশনে ট্রেনের নিচে কাটা পড়ে হরেন্দ্র চন্দ্র বর্মণ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গত বৃহস্পতিবার সকালে ভৈরব থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ট্রেনের নিচে কাটা পড়ে এই ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির বাড়ি গৌরীপুর উপজেলার পাছার গ্রামে। নিহতের খণ্ডিত লাশ কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ উদ্ধার করেছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ)
উপজেলার আলীপুর গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে ইট ভর্তি ট্রাক্টর গাড়ি চাপায় আব্দুর রহমানের শিশু পুত্র রিপন মিয়া (৩) ঘটনাস্থলেই মারা যায়।
ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুরে গতকাল বৃহস্পবাির সকালে ট্রেনে কাটা পড়ে শাহীন ইসলাম (২২) নামে একজন নিহত হয়েছেন। সে রাজাপুর গ্রামের মনসের আলির ছেলে।