অধ্যক্ষকে পিটিয়ে হত্যার ঘটনা
গ্রেফতার আতঙ্কে মাদ্রাসা শিক্ষক
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৩
নাগেশ্বরীতে মাদ্রাসার অধ্যক্ষকে হত্যার পর গ্রেফতার আতঙ্কে শিক্ষকরা প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দিয়েছে। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা। ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে পূর্ব সুখাতী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ আবেদ আলীকে ১৯ সেপ্টেম্বর সকালে চাকেরকুটি নামক স্থানে মোন্নাফ আলী ও ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. আব্দুল কাদেরসহ তাদের লোকজন পিটিয়ে হত্যা করে। ওইদিন রাতে নিহতের পিতা ইয়াদ আলী বাদী হয়ে নাগেশ্বরী থানায় হত্যা মামলা দায়ের করে। পরদিন এলাকাবাসী ওই মাদ্রাসার সহকারী শিক্ষক নুর মোহাম্মদকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় গ্রেফতার আতংকে শিক্ষকরা প্রতিষ্ঠানে আসা বন্ধ করে দিয়েছে । অভিভাবক আলমগীর, নুরজামাল, রহমতউল্যাহ, ইমরান, আব্দুল জলিল বলেন- জেডিসি ও দাখিল পরীক্ষা আসন্ন। এ সময় শিক্ষকরা মাদ্রাসায় না আসায় শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। সভাপতি শহিদুল ইসলাম ব্যাপারী বলেন- শিক্ষার্থীর ভবিষ্যত্ ভেবে শিক্ষকদের প্রতিষ্ঠানে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক বলেন- মাদ্রাসা সভাপতিকে ম্যানেজিং কমিটি, এলাকাবাসী ও অভিভাবকদের নিয়ে অনুকূল পরিবেশ তৈরি করে শিক্ষকদের প্রতিষ্ঠানে ফিরিয়ে এনে পাঠদান অব্যাহত রাখতে বলা হয়েছে। ওসি (তদন্ত) বদরুল আলম বলেন- বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।