সাত জনের লাশ উদ্ধার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২১:৫৪
গোপালগঞ্জ, হবিগঞ্জ, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থান থেকে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। খবর-ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়া মধুমতি নদী থেকে গত বৃহস্পতিবার দুপুরে তামিম (১২) নামে এক প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া পূর্বপাড়া আশ্রয়ণ প্রকল্পের কামাল মোল্লার ছেলে। তামিম বুদ্ধি প্রতিবন্ধী ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
হবিগঞ্জ
সদর উপজেলার রিচি গ্রামে হবিগঞ্জ-লাখাই সড়কের পাশের খাদ থেকে গত বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় (৩২) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
গাইবান্ধা
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের লাহিড়ীর ছড়ার ধানক্ষেত থেকে গত বৃহস্পতিবার দুপুরে আবু সাইদ মিয়ার স্ত্রী মরিচফুল বেগম (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। সাদুল্লাপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, লাশের গলায় কালো দাগ এবং মুখ ও নাকে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
মধুখালী (ফরিদপুর)
মধুখালী উপজেলার কোমরপুর মধুমতি নদীর ঘাটে গতকাল শুক্রবার সকালে আনোয়ার বিশ্বাস (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। সে বালিয়াকান্দি থানার ভীমনগর গ্রামের মো. আমজাদ বিশ্বাসের ছেলে। ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
পলাশ (নরসিংদী)
ঢাকা-ঘোড়াশাল মহাসড়কে ভাগদী এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় (২৪) এক যুবতীর লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। পরণে কালো রফুর সেলোয়ার কামিছ এবং খয়েরি রঙের ওড়না ছিল। লাশের ডান হাতে ও বাম পায়ে ব্যান্ডেজ পেঁচানো ছিল।
ধামরাই (ঢাকা)
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের জয়পুরা পাল সিএনজি স্টেশনের পাশ থেকে গতকাল শুক্রবার অজ্ঞাতনামা এক তরুণীর (২৬) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া)
বিজয়নগর উপজেলার বকতার মোড়া হালদা বিল থেকে গতকাল শুক্রবার দুপুরে মো. জিল্লু মিয়া (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে কালাছড়া গ্রামের লাল চাঁন মিয়ার ছেলে। নিহতের স্ত্রী নিলুফা বেগম জানান, গত বুধবার বিকালে এলাকার চিহ্নিত কয়েকজন ব্যক্তি তার স্বামী জিল্লু মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবার পর থেকে নিখোঁজ হন।