স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সরব অংশগ্রহণে বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল সকল শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল।
শুক্রবার রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের মেহমান খানা রেস্টুরেন্টে কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর ( যুগ্ম সচিব ) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য দেন স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা ও এটিএন বাংলা টিভির মাদ্রিদ প্রতিনিধি কবি মিনহাজুল আলম মামুন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সদস্য সময় টিভির প্রতিনিধি সাইফুল আমীন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ভোটগ্রহণ চলছে
ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য ও ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন শাহজালাল ফুলতলী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান।
প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন স্পেন প্রতিনিধি সাহাদুল সুহেদ এর সভাপতিত্বে ও স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য ও বাংলা টিভির প্রতিনিধি কবির আল মাহমুদ এর সঞ্চালনায় আয়োজিত সভায় স্পেন বাংলা প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য এবং কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, একমাত্র সাংবাদিকরাই পারেন সমাজের সকল বিভেদ দূর করে একটি সুন্দর সমাজ গঠন করতে।
স্পেন বাংলা প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, এ সংগঠন দীর্ঘদিন থেকে স্পেনে একটি শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গঠনে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে বৃটেনের মত স্পেনেও আমাদের আগামী প্রজন্ম এদেশের মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা কমিউনিটির সেবায় যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়। দূতাবাস ও বাঙালি কমিউনিটির মধ্যে সুসম্পর্ক সৃষ্টিতেও তারা ভূমিকা রাখছেন।
ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদের সাবেক ইমাম হাফিজ জহির আহমদ।
ইত্তেফাক/এমআরএম