জনসংযোগ কর্মকর্তা

আরিফা আফরোজ রাফি অ্যাসিস্টেন্স পিআর ম্যানেজার, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট জনসংযোগ বলতে বুঝায় জনসাধারণের সঙ্গে কোনো পণ্য বা কোনো প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করে দেওয়া, অর্থাত্ কোনো প্রতিষ্ঠানের কোনো কাজ কিংবা কোনো উদ্দেশ্যে জনসমর্থন জোগাড় করা। বস্তুত জনসংযোগের উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচিতি বাড়ানো তথা বাজার তৈরি করা, পুরাতন গ্রাহক ধরে রাখা এবং নতুন ভোক্তা বা ব্যবহারকারীদের আকৃষ্ট করা। নিজের যোগাযোগের দক্ষতার মাধ্যমে এই পদে নিজের সক্ষমতা তৈরি করতে হয়। এই প্রজন্মের তেমনই একজন জনসংযোগ কর্মকর্তার জানিয়েছেন এই সেক্টরে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য কিছু পরামর্শ অনেকটা শখের বশেই এই পেশায় নিজেকে জড়ান ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের অ্যাসিস্টেন্স পিআর ম্যানেজার আরিফা আফরোজ রাফি। তারপর কাজ করতে করতে বর্তমানে পুরোদস্তুর প্রফেশনাল হয়ে গেছেন। এর পাশাপাশি সাপ্তাহিক ২০০০-এর ফ্যাশন পেইজেও কাজ করেন। এক সময় তিনি এটিএন বাংলায় প্রোগ্রামের কাজ করতেন। ২০১০-এ রিজেন্সিতে কাজ শুরু করেন। জনসংযোগ পেশা সম্পর্কে তিনি বলেন, ‘অনেকেই এই পেশায় আসতে চান না। মেয়েদের চেয়ে ছেলেরা এই পেশায় বেশি কাজ করে, সে ক্ষেত্রে ছেলেরা এ ক্ষেত্রে একটু বেশি এগিয়ে। কিন্তু আমি নিজেকে বরাবরই একটু স্বাধীনচেতা হিসেবে গড়ে তুলেছি এবং এ ক্ষেত্রে আমার পরিবারের ভূমিকা অনেক। তাই আমি চেয়েছি ছেলেদের মতো নিজের যোগ্যতা প্রমাণ করতে। কেননা আমি বিশ্বাস করি, যেকোনো কাজেই নিজের আত্মবিশ্বাসটাই হচ্ছে মূল কথা। তাই এই পেশায় নিজেকে নিয়োজিত রেখেছি।’ আমাদের দেশে এই পেশাটির জনপ্রিয়তা সম্পর্কে তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে এ পেশার গুরুত্ব বাড়ছে এবং বাড়বে। বর্তমানে প্রতিযোগিতামূলক বাজারে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণের যথেষ্ট সুযোগ রয়েছে এই পেশায়। ফলে এই প্রজন্ম অনেক বেশি এই পেশার প্রতি আগ্রহী হয়ে উঠছে। তা ছাড়া কাজের ক্ষেত্র হিসেবে জনসংযোগ অনেকে বেশি বিস্তৃত। এটাও এই প্রজন্মের আগ্রহের একটা কারণ। নতুন যারা এ পেশাতে কাজ করছে তারা প্রত্যেকেই অনেক মেধাবী এবং সৃষ্টিশীল। আর এখন কাজের জায়গাটা নেটওয়ার্ক-ভিত্তিক হয়ে গেছে সেজন্য যারাই এ পেশাতে কাজ করতে আসছে তারা সবাই তাদের মেধার স্বাক্ষর রেখেই তবে আসছে এবং প্রতিটি জায়গাতেই তারা কাজটাকে চ্যালেঞ্জের সাথে নিয়ে এগিয়ে যাচ্ছে।’