এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের রোড শো অনুষ্ঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্তির অংশ হিসেবে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড সংশোধিত বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণের জন্য রোড শো বা পরিচিতি সভা করেছে। গত শনিবার রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। পরিচিতি সভায় কোম্পানির আর্থিক প্রতিবেদনসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সাম্প্রতিক সময়ে কোম্পানির অর্জন ও ভবিষ্যত্ পরিকল্পনাও উল্লেখ করা হয়। এসময় কোম্পানি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানি কর্তৃপক্ষ। জানা গেছে, ১০ টাকা দরে বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটি চার কোটি ৫৪ লাখ শেয়ার বাজারে ছাড়বে। আইপিও ছাড়ার ক্ষেত্রে ইস্যু ম্যানেজমেন্টের কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং ইস্যু রেজিস্ট্রারের দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। পরিচিতি সভায় উপস্থিত ছিলেন এনার্জিপ্যাকের চেয়ারম্যান রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ, আইডিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মো. মুনিরুজ্জামান এবং সিএফও রুবায়েত ফেরদৌস প্রমুখ।