শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন ভূমিমন্ত্রী

পাবনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বুধবার শেষ দিনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে পাবনার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জসীম উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমাদান শেষে ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনা সরকারের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখব।

এ সময় তিনি নির্বাচনে বিজয়ী হওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, ভোটের আমেজে সমগ্র দেশ আজ উৎসবমুখর। তারই ধারাবাহিকতায় পাবনা-৪ আসনের সর্বত্র ভোটের হাওয়া বইছে। আমি আশা করি নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। শতভাগ বিশ্বাস করি পঞ্চমবারেও আমিই এই আসনে বিজয়ী হব।

এ সময় সাবেক সাংসদ মনজুর রহমান বিশ্বাস, উপজেলা আওযামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, উপজেলা চেযারমান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদীর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, নূরুজ্জামান বিশ্বাস, ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, অধ্যাপক আকরাম হোসেন প্রমুখ নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/কেআই