শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ধীর গতি

শেয়ারবাজারের সূচক ও লেনদেনের গতি অনেকটাই স্তিমিত হয়ে গেছে। গত প্রায় দেড় মাস সূচক ও লেনদেনে ভালো গতি থাকলেও তিন দিন ধরে সূচকেও খুব একটা ওঠানামা নেই, লেনদেনও হচ্ছে কম। রাজনৈতিক অস্থিরতার আশঙ্কার কারণে বিনিয়োগকারীরা পরিস্থিতি বুঝতে চাইছেন, লেনদেন কম হওয়ার এটিই অন্যতম কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৩ হাজার ৯৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ছিল প্রায় অপরিবর্তিত। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৪ কোটি ৬৫ লাখ ৮৩ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ২১ কোটি ৯৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৭টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের। ডিএসই’র পরিচালনা পর্ষদ সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদিত ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম (মালিকানা ও ব্যবস্থাপনা পৃথকীকরণ) বাস্তবায়নের অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি আইন অনুযায়ী অনুমোদিত স্কিম বাস্তবায়নের নির্দেশনা পরিপালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বুধবার বিকেলে ডিএসইর বোর্ড সদস্যদের সম্মতিক্রমে এ স্কিম অনুমোদন দেয়া হয়। এদিকে অস্বাভাবিক হারে শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বীচ হ্যাচারী লিমিটেড। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নোটিশের প্রেক্ষিতে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। গতকাল সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।