ভুল উদ্যোক্তা নির্বাচনে খেলাপি ঋণ বাড়ছে
প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৩, ২০:৩৭
ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বাড়ার কারণ হিসেবে উদ্যোক্তা নির্বাচনের প্রক্রিয়াকে দায়ী করেছেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী। তিনি বলেন, সঠিক উদ্যোক্তা নির্বাচন করতে না পারার কারণেই ব্যাংকিংখাতে খেলাপি ঋণ বেড়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও কেন্দ্রীয় ব্যাংক যৌথভাবে আয়োজিত নতুন উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রকল্পে অর্থায়ন নিশ্চিতকরণ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
এসময় ডিসিসিআই সভাপতি মো. সবুর খান, ঊর্ধ্বতন সহ-সভাপতি নেসার মাকসুদ খান, সহ-সভাপতি আবসার করিম চৌধুরী, পরিচালক হায়দার আহমদ খান, এফসিএ, আবুল হোসেন, রিজওয়ান-উর রহমান, এম আবু হোরায়রা, আব্দুস সালাম, মো. শোয়েব চৌধুরী এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম উপস্থিত ছিলেন।
সুকোমল সিংহ বলেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে নতুন উদ্যোক্তা তৈরির কোন বিকল্প নেই। অধিকাংশ ব্যাংকই ক্ষুদ্র উদ্যোক্তাদের সুযোগ সুবিধা দিচ্ছে। তবে কিছু কিছু ব্যাংক উদ্যোক্তাদের সঙ্গে খারাপ আচরণ করছে। যারা এ ধরনের ব্যবহার করছেন তারা সাবধান হয়ে যান। কেন্দ্রীয় ব্যাংক এখন মাঠ পর্যায়ের ব্যাংকিং করছে। কোন ব্যাংক গ্রাহকদের সঙ্গে কী ধরনের ব্যবহার করছে তা কেন্দ্রীয় ব্যাংক জানতে পারছে। তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, গত জুন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণের ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫৬ শতাংশ পূরণ হয়েছে।
ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায় ডিসিসিআই ২০০০ নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে। সফল উদ্যোক্তা হওয়ার পথে প্রধান প্রতিবন্ধকতা হিসেবে পুঁজির যোগানকে চিহ্নিত করে তিনি বলেন, এ ক্ষেত্রে অবশ্যই ব্যাংকসহ সকল আর্থিক প্রতিষ্ঠানকে অর্থায়নে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিসহ প্রায় ৫০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ কর্মশালায় যোগদান করেন।