শেয়ারবাজারের লেনদেন আড়াইশ’ কোটি টাকার নিচে

গত দেড় মাস শেয়ারবাজারের লেনদেন ভালো হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে ফের খরা শুরু হয়েছে। রাজনৈতিক অস্থিরতার আশঙ্কাতেই শেয়ারবাজারের লেনদেন কম হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি বুঝে সামনে বিনিয়োগের কথা ভাবছেন বিনিয়োগকারীরা। তবে এ ধরনের পরিস্থিতিতেও সূচকের নিম্নমুখী প্রবণতা গভীর হয়ে উঠছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমতে কমতে ৩ হাজার ৮শ’ পয়েন্টে নেমে এসেছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৬৬ পয়েন্ট কমে ৩ হাজার ৮৮২ পয়েন্টে নেমে এসেছে। আর ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে ১ হাজার ৪১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ১৮ কোটি ৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮২টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২১টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টি কোম্পানির শেয়ারের। এদিকে শর্ত পূরণ না করায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইবি) আরামিট সিমেন্ট ও রিপাবলিক ইন্সুরেন্সের রাইট শেয়ারের আবেদন নাকচ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জনা গেছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে (রাইট ইস্যু) বিধিমালা, ২০০৬ এর বিধি (এফ) পূরণে ব্যর্থতার কারণে প্রতিষ্ঠান দুটির রাইট শেয়ারের আবেদন নাকচ করা হয়। কোম্পানি দুটি ১আর:১ অনুপাতে রাইট শেয়ারের আবেদন করেছিলো। উভয় প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ রাইট শেয়ারের অনুমোদনও করেছিলো। শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির প্রেক্ষিতে এবার বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছে বস্ত্র খাতের দেশ গার্মেন্টস। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জানিয়েছে, এই মুহূর্তে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। তাছাড়া শেয়ারের দর বৃদ্ধি পেতে পারে এমন কোন সিদ্ধান্তও নেয়া হয়নি। ফলে কোন গুজবে নয় বরং সার্বিক দিক বিবেচনা করেই বিনিয়োগ করা প্রয়োজন। এর আগে গত ১৭ সেপ্টেম্বর ডিএসইর নোটিসের জবাবে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছিলো, তাদের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধির পেছনে কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই। ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের শমরিতা হাসপাতাল পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির জমির পুনর্মূল্যায়ন অনুমোদন করেছে। প্রতিষ্ঠানটির ১৭.৩৭ কাঠা জমি পুনর্মূল্যায়নের পর জমির দাম ৩ কোটি ১ লাখ ৮২ হাজার ৪১ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৯ কোটি ৪৮ লাখ টাকা। এম এস আহমেদ অ্যান্ড আক্তার চার্টার্ড অ্যাকাউটেন্টস এ পুনর্মূল্যায়ন করেছে। পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা খাতের ডেল্টা লাইফ ইন্সুরেন্স ২০১২ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ৭ বছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।