ঈদের ৪ পদ
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৩, ১৮:৩২
ঈদের আনন্দকে ভাগ করে নিতে আমরা এই দিনে নিজ নিজ বাসায় আয়োজন করি মজাদার খাবারের। তাই আপনার আয়োজনে স্বাদের কিছুটা ভিন্নমাত্রা আনতে মজাদার ৪ পদের খাবারের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী রেজওয়ানা রেজা
শাহী টিক্কা
উপকরণ :মাংসের কিমা ২ কাপ, বেসন ৫০ গ্রাম, মরিচ গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ৩-৪টি, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া আধা চামচ, চিনি আধা চা চামচ, জায়ফল গুঁড়া আধা চা চামচ, তেল ভাজার জন্য, পেঁয়াজ বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমতো, রসুন বাটা ১ চা চামচ, ডিম ১টি, তেল ভাজার জন্য।
প্রণালি :প্রথমে মাংসের কিমা ধুয়ে পানি ঝরিয়ে নিন। ডিম ও বেসন বাদে অন্য সব উপকরণ এক সাথে কিমায় মিশিয়ে ভালো করে মাখুন। মাখানো উপকরণ ২ ঘণ্টা মেরিনেট করে রাখুন। এবার এতে ডিম ও বেসন মাখিয়ে টিকিয়ার আকারে গড়ে নিন। চুলায় পাত্র বসিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে তাতে টিকিয়াগুলো অল্প আঁচে বাদামি করে ভেজে তুলুন।
দ র বা রি মা ং স
উপকরণ :মাংস ১ কেজি, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পোস্তবাটা ১ চা চামচ, কাঁচামরিচ বাটা ২ চা চামচ, টক দই ১ কাপ, মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, নারকেল বাটা ১ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, দুধ আধা কাপ, বাদাম বাটা ১ চা চামচ, টমেটো (কিউব করে কাটা) আধা কাপ, পানি পরিমাণমতো।
প্রণালি :প্রথমে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় পাত্র দিয়ে তাতে তেল দিন। তেল গরম হলে একে একে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, নারকেল বাটা, বাদাম বাটা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। এবার তাতে মাংস দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট রান্না করুন। ২০ মিনিট পর ঢাকনা তুলে পেস্তা বাটা, টক দই, ঘি, দুধ দিয়ে কিছুক্ষণ নেড়ে পরিমাণমতো পানি দিয়ে আরও ২০ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। মাংস মাখা মাখা হয়ে উপরে তেল উঠে এলে নামিয়ে গরম গরম পোলাওয়ের সাথে পরিবেশন করুন মজাদার দরবারি মাংস।
ন বা বি পো লা ও
উপকরণ :বাসমতি চাল ২৫০ গ্রাম, গাজর (গ্রেট করা) ১ কাপ, ক্যাপসিকাম (কুচি) ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, ঘি আধা কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ৪-৫টি, আদা-রসুন বাটা ২ চা চামচ, তেজপাতা ২-৩টি, জাফরান আধা চা চামচ, দুধ এক কাপের চার ভাগের এক ভাগ, গোলাপজল ২ চা চামচ, পেঁয়াজ বেরেস্তা সাজানোর জন্য।
প্রণালি :প্রথমে চাল ধুয়ে শুকিয়ে নিন। চুলায় পাত্র দিয়ে তাতে ঘি দিন। ঘি গরম হলে তাতে গাজর ও ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন। এই ঘি’তে এবার পেঁয়াজ কুচি, লবণ, তেজপাতা, আদা-রসুন বাটা দিয়ে সামান্য কষিয়ে চাল দিয়ে দিন। এবার চালের পরিমাণের ডাবল পানি দিয়ে ঢেকে দিন। ১০ মিনিট রান্না করে ঢাকনা তুলে কাঁচামরিচ দিয়ে দিন। অন্য পাত্রে জাফরান, দুধ ও গোলাপজল একসাথে মিশিয়ে পোলাও দিন। কিছুক্ষণ দমে রান্না করে নামিয়ে সার্ভিং ডিসে ঢেলে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।
বো র হা নি
উপকরণ :মিষ্টি দই ১ কাপ, পুঁদিনা পাতা বাটা ১ চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, পানি পরিমাণমতো, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, টক দই ১ কেজি, লবণ পরিমাণমতো।
প্রণালি :সব উপকরণ এক সাথে বিটার দিয়ে বিট করুন। এবার ঠাণ্ডা করে পরিবেশন করুন।\