সেপ্টেম্বরে ডিএসই থেকে ১৪ কোটি টাকা রাজস্ব আদায়

গত সেপ্টেম্বর মাসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে। গেল মাসে ডিএসই থেকে সরকার রাজস্ব পেয়েছে ১৪ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকা। আর আগের মাস আগস্টে রাজস্ব আদায় হয়েছিলো ১১ কোটি ২৩ লাখ টাকা। অর্থাত্ এ মাসে সরকার ৩ কোটি ১৯ লাখ টাকা বেশি রাজস্ব পেয়েছে। তবে ২০১২ সালের সেপ্টেম্বরের তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় ১৩ কোটি টাকা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, ডিএসই’র জমা দেয়া রাজস্ব দুই খাত থেকে সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৯৮৪ সালের ৫৩ বিবিবি’র ধারা অনুযায়ী ১০ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার এবং ১৯৮৪ সালের ৫৩ এম এর ধারা অনুযায়ী ৪ কোটি ৯ লাখ ৩৬ হাজার টাকা। ডিএসইর সদস্য কোম্পানি বা ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে ডিএসই জানুয়ারি মাসে ৩ কোটি ৮৯ লাখ, ফেব্রুয়ারিতে ৭ কোটি ২১ লাখ, মার্চে ৩ কোটি ৩৩ লাখ, এপ্রিলে ৩ কোটি ৩৩ লাখ, মে মাসে ৬ কোটি, জুনে ১৩ কোটি ২৩ লাখ, জুলাই মাসে ৪ কোটি ৫ লাখ টাকা রাজস্ব আদায় করে ঢাকা কর অঞ্চল-৭ এ জমা দিয়েছে। উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের শেয়ার বিক্রয় বাবদ ডিএসই গত জানুয়ারি মাসে ২১ লাখ ৮৫ হাজার, ফেব্রুয়ারিতে ৮১ লাখ ৩২ হাজার, মার্চে ১ কোটি ২০ লাখ, এপ্রিলে ৭৫ লাখ ৯৭ হাজার, মে মাসে ৩ কোটি ৫৪ লাখ, জুনে ৩ কোটি ১৯ এবং জুলাই মাসে মোট ১২ কোটি ৩২ লাখ টাকা আদায় করে। তথ্যে দেখা গেছে, গতকাল সোমবার ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট কমে ৩ হাজার ৮৫২ পয়েন্টে নেমে এসেছে। আর ডিএস-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৪০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৩৩ কোটি ২৬ লাখ ৬৯ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি ৩২ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৮৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের। ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত আমরা টেকনোলজিসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ নভেম্বর। আর রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর।