শেয়ারবাজারে টানা ৪ দিন দরপতন

টানা চার কর্মদিবস দরপতনের ফলে শেয়ারবাজারের সূচক সাড়ে তিন হাজারের দিকে ধাবিত হচ্ছে। ৩ হাজার ৯৫৪ পয়েন্ট থেকে গতকাল মঙ্গলবার সূচক দাঁড়িয়েছে ৩ হাজার ৭৯২ পয়েন্টে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, ঈদের কারণে কিছুটা বিক্রির চাপ রয়েছে। তবে সামনে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিনিয়োগকারীরা বেশ চিন্তিত। ফলে অনেকেই পরিস্থিতি বুঝে বিনিয়োগ করতে চাইছেন। যা দেশের শেয়ারবাজারে প্রভাব ফেলছে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের দিনের তুলনায় ৬৪ পয়েন্ট কমে ৩ হাজার ৭৯২ পয়েন্টে নেমে এসেছে। আর ডিএস-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৫ কোটি ১২ লাখ ৩৪ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ৩১ কোটি ৮৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৮৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ২২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারের। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) এএফসি এ্যাগ্রো বায়োটেক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন করেছে। গতকাল কমিশনের ৪৯৭তম সভায় এ অনুমোদন দেয়া হয়। কোম্পানিটি ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা উত্তোলন করবে। এ জন্য প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি মেশিনারীজ ক্রয় এবং আইপিও খাতে ব্যয় করবে। ৩০ জুন ২০১৩ অর্ধবার্ষিক আর্থিক প্রদান অনুযায়ী এ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১ টাকা ১০ পয়সা।